বিইআরসির সিদ্ধান্ত অনুযায়ী অতিরিক্ত বিদ্যুত্ বিল সমন্বয়ের নির্দেশ

আপডেট : ১৩ অক্টোবর ২০২০, ০০:১৫

বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) দেওয়া সিদ্ধান্ত অনুযায়ী চার মাসের অতিরিক্ত ও অস্বাভাবিক বিদ্যুত্ বিল সমন্বয় করে দুই মাসের মধ্যে আদালতে প্রতিবেদন দিতে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। বিদ্যুত্ উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান, পল্লী বিদ্যুতায়ন বোর্ডের চেয়ারম্যান, ডিপিডিসির ব্যবস্থাপনা পরিচালক, ডেসকোর ব্যবস্থাপনা পরিচালক, ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি, নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানির ব্যবস্থাপনা পরিচালকসহ দেশের ছয়টি বিতরণী সংস্থার প্রতি এ নির্দেশ দেওয়া হয়েছে। এ সংক্রান্ত এক আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি মহি উদ্দিন শামীমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ গতকাল সোমবার এই আদেশ দেন।

মার্চ, এপ্রিল, মে ও জুন এই চার মাসে যেসব গ্রাহকের কাছ থেকে অতিরিক্ত ও অস্বাভাবিক বিদ্যুত্ বিল আদায় করা হয়েছে, তাদের চিহ্নিত করে অতিরিক্ত ঐ বিল পরবর্তী মাসগুলোর বিদ্যুত্ বিলের সঙ্গে সমন্বয় করতে হবে বলে গত ১৬ জুলাই বিইআরসি সিদ্ধান্ত দিয়েছিল। পরে এ নিয়ে হাইকোর্টে রিট হয়। রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী জ্যোতির্ময় বড়ুয়া।