সরকারি মেডিক্যাল কলেজ ও ডেন্টালের ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস চক্রের মাস্টারমাইন্ড আব্দুস সালামের জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত। গতকাল সোমবার পাঁচ দিনের রিমান্ড শেষে সালামকে আদালতে হাজির করে পুলিশ। এ সময় মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির সহকারী পুলিশ সুপার কাজী আবু সাঈদ তাকে কারাগারে রাখার আবেদন করেন। অপরদিকে তার আইনজীবী জামিনের আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম শহিদুল ইসলাম এ আদেশ দেন।
আবেদনে তদন্ত কর্মকর্তা বলেন, রিমান্ডে আব্দুস সালামকে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদে তিনি প্রশ্নফাঁস সংক্রান্তে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। যা যাচাইবাছাই করা হচ্ছে। তদন্ত চলাকালে পুনরায় তাকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদের প্রয়োজন আছে।
গত ৬ অক্টোবর মিরপুর মডেল থানায় প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় করা মামলায় আব্দুস সালামের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত। এর আগে গত ৫ অক্টোবর রাজধানীর রামপুরা এলাকা থেকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) একটি দল তাকে গ্রেফতার করে।
