৪২ দিন ধরে আন্দোলনে বিটিসিএলের ক্যাজুয়েল শ্রমিকরা, ডাকছে না কেউ

আপডেট : ১৩ অক্টোবর ২০২০, ০০:১৬

চাকরি স্থায়ী করার দাবিতে রোদে পুড়ে ও বৃষ্টিতে ভিজে প্রায় দেড় মাস ধরে ঢাকায় অবস্থান কর্মসূচি পালন করছেন বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স কোম্পানি লিমিটেডের (বিটিসিএল) প্রায় ৩৫০ ক্যাজুয়েল শ্রমিক। গত ১ সেপ্টেম্বর থেকে রাজধানীর ইস্কাটন গার্ডেনে টেলিযোগাযোগ ভবনের সামনে তারা অবস্থান কর্মসূচি পালন করছেন। গতকাল সোমবার ৪২ দিন পার হলেও কর্তৃপক্ষের কেউ ডেকে কথা বলেননি কিংবা কোনো খবর নেননি বলে অভিযোগ করেছেন ‘বিটিসিএল ক্যাজুয়েল শ্রমিক কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি তাজুল ইসলাম।

তাজুল ইসলাম ও সংগঠনের সাধারণ সম্পাদক আল আমিন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ক্যাজুয়েল শ্রমিকরা কম্পিউটার অপারেটর, অপটিক্যাল ফাইবার ও কপার ক্যাবল জয়েন্টার, টেলিফোন এক্সচেঞ্জের সুইচরুম-ব্যাটারিকর্মী, সহকারী লাইনম্যান, অফিস সহকারী, মোটরগাড়ি চালক, পাচক, প্রহরী, পরিচ্ছন্নতাকর্মী ইত্যাদি পদে কাজ করছেন। ঈদ, রোজা, ঘূর্ণিঝড়, করোনাকালেও তারা দায়িত্ব পালন করছেন। তবে নেই কোনো বেতনকাঠামো ও চাকরির নিশ্চয়তা। মন্ত্রণালয়ের ডাক ও টেলিযোগাযোগ বিভাগ থেকে গতবছরের ৯ জুলাই বিটিসিএলের ব্যবস্থাপনা পরিচালককে চিঠি দিয়ে ক্যাজুয়েল কর্মচারীদের প্রশাসনিকভাবে সিটভুক্ত করার বিষয়টি নিষ্পত্তির জন্য বলা হলেও সেটির বাস্তবায়ন হয়নি। আন্দোলনকারীরা জানান, তারা ইতিমধ্যে প্রধানমন্ত্রী বরাবরেও আবেদন করেছেন। সংশ্লিষ্ট মন্ত্রী ও সর্বশেষ ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির কাছেও আবেদনের কপি দিয়েছেন।