সিরাজগঞ্জ-১ সংসদীয় আসনে আগামী ১২ নভেম্বরের উপনির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সাবেক সংসদ সদস্য প্রকৌশলী তানভীর শাকিল জয় কাজীপুর উপজেলা নির্বাচন কার্যালয়ে রিটার্নিং অফিসারে কাছে মনোনয়নপত্র দাখিল করেছেন। গতকাল সোমবার দুপুরে জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দের উপস্থিতিতে সিনিয়র জেলা নির্বাচন অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার আবুল হোসেনের নিকট মনোনয়নপত্র দাখিল করেন। এর আগে কাজীপুর আওয়ামী লীগ কার্যালয়ে সংবাদ সম্মেলন শেষে প্রয়াত জননেতা মোহাম্মদ নাসিমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি সংক্ষিপ্ত বক্তব্য দেন।
বক্তব্যে তানভীর শাকিল বলেন, ‘কাজীপুরের মানুষ আমার শক্তি ও সাহস, কাজীপুরবাসীর ঋণ শহিদ এম মনসুর আলীর পরিবার কোনো দিন শোধ করতে পারবে না, পরিবারের পূর্বপুরুষদের মতো আমিও প্রিয় কাজীপুরবাসীর সেবায় নিয়োাজিত থাকব।’ এ সময় তিনি সবার সহযোগিতায় বাবা মোহাম্মদ নাসিমের অসমাপ্ত কাজগুলো শেষ করার প্রত্যয় ব্যক্ত করেন।
বক্তব্য শেষে কাজীপুর স্বাধীনতা স্কয়ারে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জাতীয় চার নেতার প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন।
