বন্দরে ফটোসাংবাদিক মো. ইলিয়াসকে ছুরিকাঘাত করে হত্যার ঘটনায় থানায় মামলা হয়েছে। মামলার এজাহারভুক্ত তিন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার রাতে বন্দরের কলাগাছিয়া ইউনিয়নের জিওধারা চৌরাস্তায় ছুরিকাঘাত করে হত্যা করা হয় ফটোসাংবাদিক ইলিয়াসকে। সে ঐ এলাকার মজিবর মিয়ার ছেলে। স্থানীয় একটি দৈনিকের সংবাদদাতা ও ফটোসাংবাদিক হিসেবে কর্মরত ছিলেন তিনি। এ ঘটনায় নিহতের স্ত্রী জুলেখা বেগম বাদী হয়ে ঐ রাতেই বন্দর থানায় হত্যা মামলা করেন। মামলায় আট জনকে আসামি করা হয়েছে। ঘটনাস্থল থেকে আটক আসামি তুষারকে পুলিশের কাছে সোপর্দ করেছে স্থানীয়রা। পরে অভিযান চালিয়ে মিনা ও মিসির আলী নামে আরো দুই জনকে গ্রেফতার করে পুলিশ।
