হাতিরঝিল লেক থেকে হাত-পা বাঁধা ও কাপড় এবং পলিথিন দিয়ে মোড়ানো অবস্থায় অজ্ঞাত পরিচয় এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সকালে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে। নিহত ঐ যুবকের বয়স আনুমানিক ৩৫ বছর। হাতিরঝিল থানার ওসি মো. আবদুর রশিদ বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে মহানগর প্রজেক্ট চেক পোস্ট ও উলনের মধ্যবর্তী হাতিরঝিল লেক থেকে ভাসমান অবস্থায় মৃতদেহটি উদ্ধার করা হয়। মৃতদেহটি বেডশিট, মশারি ও পলিথিন দিয়ে মোড়ানো ছিল। মৃতদেহের হাত-পা নাইলনের রশি দিয়ে গলার সঙ্গে বাঁধা ছিল। দেহটি অনেকটা পচে ফুলে গেছে। ময়নাতদন্তের জন্য নিহতের লাশ ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে পাঠানো হয়েছে।
ওসি আরো জানান, এটি পরিকল্পিত হত্যা বলে ধারণা করা হচ্ছে। তবে ঘটনার বিস্তারিত জানতে তদন্ত করা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে। তার ফিঙ্গার প্রিন্ট সংগ্রহ করে পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। নিহতের পরনে ছিল নীল রঙের জিন্স প্যান্ট ও লাল হাফ গেঞ্জি।
