নেত্রকোনার পূর্বধলায় শ্বশুর বাড়িতে জামাইয়ের মৃত্যুর ঘটনায় হত্যা সন্দেহে গ্রেপ্তারকৃত নিহতের স্ত্রী নাছিমা বেগম (৩০), শাশুড়ি শামছুন্নাহার (৬০) ও শ্যালিকা লাবণ্যকে (২১) সোমবার (১২ অক্টোবর) বিকেলে জিজ্ঞাসাবাদের জন্য ৪ দিনের রিমান্ডে এনেছে পুলিশ।
বিষয়টি নিশ্চিত করেছেন, পূর্বধলা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. রফিকুল ইসলাম। তিনি জানান, গত ৮ অক্টোবর শ্বশুর বাড়িতে সিলিং ফ্যানের সাথে গলায় দড়ি দিয়ে দোলন খান নামের এক ব্যক্তির মৃত্যুর ঘটনায় সুরতহাল করার সময় নিহতের অণ্ডকোষে ও ডান পায়ের গোড়ালির উপর হালকা আঘাতের চিহ্ন থাকায় সন্দেহ হয়। পরে হত্যা সন্দেহে ওই দিনই নিহতের স্ত্রী, শাশুড়ি ও শ্যালিকাকে ১৫৪ ধারায় গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়। পরে ১০ অক্টোবর নিহতের বাবা ছিদ্দিক মিয়া ৯ জনকে আসামী করে পূর্বধলা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
এরই প্রেক্ষিতে পুলিশ হত্যার প্রকৃত রহস্য উদঘাটনের জন্য গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের রিমান্ড আবেদন করলে আদালত ৪ দিনের করে রিমান্ড মঞ্জুর করেন। প্রসঙ্গত, গত বৃহস্পতিবার (০৮ অক্টোবর) সকালে উপজেলা সদরের মঙ্গলবাড়িয়া এলাকায় শ্বশুর বাড়ি থেকে ফাঁসিতে ঝুলন্ত অবস্থায় দোলন খান নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করে পুলিশ। নিহত দোলন উপজেলার ধলামূলগাঁও ইউনিয়নের ঘাগড়াপাড়া গ্রামের সাবেক ইউপি সদস্য ছিদ্দিক মিয়ার ছেলে। সে দীর্ঘ দিন যাবত তার স্ত্রী ও দুই সন্তান নিয়ে উপজেলা সদরের মঙ্গলবাড়িয়া এলাকায় তার শ্বশুর মৃত নূরুল ইসলামের বাসায় থাকতেন।
এদিকে সোমবার সন্ধ্যায় ঘটনাস্থল পরিদর্শন করেছেন নেত্রকোনা জেলা পুলিশ সুপার আকবর আলী মুন্সী ও অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোরশেদা খাতুন।
ইত্তেফাক/এসআই
