অভিনয় ছাড়ার সংবাদটি গুজব: কাজল

আপডেট : ১৩ অক্টোবর ২০২০, ১১:১৬

ভারতে দক্ষিণী সিনেমার জনপ্রিয় নায়িকা কাজল আগারওয়াল। বলিউডেও প্রায় দেখা যায় তাকে। কিছুদিন ধরে তার বিয়ে নিয়ে গণমাধ্যমে খবর প্রকাশ হলেও এ নিয়ে মন্তব্য করেননি তিনি।

সম্প্রতি বিয়ে নিয়ে কথা বললেন কাজল। আগামী ৩০ অক্টোবর বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন তিনি। হবু বরের নাম গৌতম কিসলুর। পেশায় একজন উদ্যোক্তা ও ব্যবসায়ী। দীর্ঘদিন থেকেই তাদের মধ্যে বন্ধুত্ব এবং প্রেমের সম্পর্ক চলছিল। তবে কাজল তাদের এই সম্পর্কের কথা এতদিন গোপন রেখেছিলেন। সবশেষে কাজল নিজেই তার এবং গৌতমের বিয়ের খবর প্রকাশ করেছেন।

ইনস্টাগ্রামে কাজল বলেন, ‘পারিবারিকভাবেই ৩০ অক্টোবর মুম্বাইতে গৌতম ও আমার বিয়ে সম্পন্ন হতে যাচ্ছে। সবশেষে আমরা দুজন একসঙ্গে জীবন শুরু করতে যাচ্ছি, আর এতে আমি ভীষণ খুশি। আপনারা সবাই এতদিন ধরে আমাকে ভালোবাসা দিয়েছেন এর জন্য অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আর আমাদের নতুন যাত্রা শুরুর জন্য আপনাদের সবার আশীর্বাদ কামনা করছি।

এই দীর্ঘ পোস্টে তিনি আরো বলেন, ‘অনেকেই বলছেন আমি হয়তো সিনেমা ছেড়ে দিচ্ছি। কিন্তু অভিনয় ছাড়ার সংবাদটি গুজব। অভিনয় ছাড়ার চিন্তাও আমি করি না। সবার আমার প্রতি ভালোবাসা রাখবেন। নতুন জীবন যেনো ভালোভাবে শুরু করতে পারি। এরপর আবারো আপনাদের মাঝে সিনেমা নিয়ে ফিরে আসবো।’

ইত্তেফাক/জেডএইচডি