স্পোর্টস রিপোর্টার
নবগঠিত বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের ক্যাম্প চলছে বিকেএসপিতে। যদিও যুব দলের সামনে চলতি বছরে নেই কোনো আন্তর্জাতিক সিরিজ। অক্টোবরেই পাকিস্তানের বিরুদ্ধে সিরিজ খেলার কথা ছিল বাংলাদেশ যুবাদের। করোনার কারণে যেটি স্থগিত হয়েছে। এবার করোনার আঘাতে বিলীন হলো এশিয়া কাপও।
নভেম্বরে সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠেয় এশিয়া কাপ স্থগিত করেছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)। আগামী বছর নতুন সূচি হতে পারে এ টুর্নামেন্টের। বাংলাদেশের নতুন যুবদল প্রথম আন্তর্জাতিক সিরিজ খেলতে পারে আগামী ফেব্রুয়ারিতে। দুবাইয়ে আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দলের বিরুদ্ধে সিরিজ রয়েছে টাইগার জুনিয়রদের।
গতকাল এসব তথ্য জানিয়েছেন বিসিবির গেম ডেভেলপমেন্ট বিভাগের ম্যানেজার এ ই এম কাওসার। এশিয়া কাপ স্থগিত হওয়া সম্পর্কে তিনি বলেছেন, ‘এসিসি এটা স্থগিত করেছে। স্বাস্থ্যঝুঁকির চিন্তা রয়েছে। এটা আপাতত স্থগিত করা হয়েছে। ২০২১ সালে একটা নতুন সূচি দিবে এসিসি। সংযুক্ত আরব আমিরাতে হওয়ার কথা ছিল। নভেম্বরের ১৮ তারিখ থেকে।’
আগামী বছর আফগানদের বিরুদ্ধে সিরিজ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে নামবে বাংলাদেশের নতুন অনূর্ধ্ব-১৯ দল। এ ই এম কাওসার গতকাল বলেছেন, ‘এশিয়া কাপ স্থগিত, অক্টোবরে আমাদের পাকিস্তান সফরও স্থগিত। আমাদের জন্য একদিক থেকে এটা ভালো হয়েছে। আমরা সময় পাচ্ছি অনেক। স্কিল নিয়ে কাজ করা যাবে। দলটা ভালোভাবে প্রস্তুত হতে পারবে। আগামী ফেব্রুয়ারিতে আমরা দুবাইয়ে খেলব আফগানিস্তানের বিরুদ্ধে। সেখানে ফরম্যাট, সূচি এখনো চূড়ান্ত হয়নি। অন্তত পাঁচটা ওয়ানডে থাকবে। চার দিনের ম্যাচ কয়টা হবে, এটা সূচি চূড়ান্ত হলে বলতে পারব।’
