স্পোর্টস রিপোর্টার
বাংলাদেশের বয়সভিত্তিক প্রতি-যোগিতাগুলোর জন্য জেলা ও ঢাকা মেট্রো দল গঠন করা এবার কঠিন হয়ে পড়েছে। অন্য বার উন্মুক্ত প্রতিভা অন্বেষণের মাধ্যমে তৈরি করা হয় এই দলগুলো। কিন্তু করোনার কারণে শিশু-কিশোরদের এই সমাবেশ এবার করা যাচ্ছে না। তাই অন্য ধরনের উদ্যোগ নিয়েছে বিসিবি। আগ্রহী খেলোয়াড়দের নিজেদের খেলা ভিডিও করে পাঠাতে বলা হয়েছে।
অনূর্ধ্ব-১৪, অনূর্ধ্ব-১৬ ও অনূর্ধ্ব-১৮ জেলা ও ঢাকা মেট্রো দলে ডাক পেতে নিজের খেলা ভিডিও করে সংশ্লিষ্ট জেলার হোয়াটসঅ্যাপ গ্রুপে বা কোচের কাছে পাঠাতে হবে। এই পাঠানোর আহ্বানটা বিসিবির হয়ে করেছেন দুই জাতীয় তারকা তামিম ইকবাল ও মুশফিকুর রহিম।
ব্যাপারটা বুঝিয়ে তামিম বলেছেন, ‘করোনা মহামারির কারণে এবার বাংলাদেশ ক্রিকেট বোর্ড জেলা ও ঢাকা মেট্রো পর্যায়ে অনূর্ধ্ব-১৪, ১৬ ও ১৮-এর প্রাথমিক বাছাইটা একটু অন্যভাবে করছে। জনসমাগম এড়াতে প্রাথমিক বাছাইটা ভিডিও দেখে করা হবে।’
মুশফিক ভিডিও পাঠানোর প্রক্রিয়া জানিয়েছেন, ‘ব্যাটিং, বোলিং ও উইকেট কিপিং; যেটাতে তুমি ভালো ওটার একটা ভিডিও করে পাঠিয়ে দাও তোমার জেলার নির্দিষ্ট বয়সভিত্তিক দলের হোয়াটসঅ্যাপ গ্রুপে; অথবা জেলা বা বিভাগীয় ক্রিকেট কোচের হোয়াটসঅ্যাপ নাম্বার বা ই-মেইলে। প্রয়োজনে যোগাযোগ করো তোমার জেলার কোচের সঙ্গে।’
