মার্জিন ঋণ নিয়ে বিএসইসিকে লিগ্যাল নোটিশ

আপডেট : ১৩ অক্টোবর ২০২০, ২১:৩৮

ইত্তেফাক রিপোর্ট

বিমা খাতের কোম্পানিগুলোর শেয়ারের মার্জিন ঋণ নিয়ে গুজব ছড়ানোর পরিপ্র্রেক্ষিতে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনকে (বিএসইসি) লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। মো. মনোয়ার হোসেন নামের এক বিনিয়োগকারীর পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী এস এ চৌধুরী গতকাল মঙ্গলবার এ লিগ্যাল নোটিশ দিয়েছেন। এ বিষয়ে এস এ চৌধুরী বলেন, আমাদের ক্লায়েন্ট শেয়ারবাজারের নিয়মিত বৈধ বিও হিসাবধারী। তিনি শেয়ার ব্যবসার সঙ্গে জড়িত। তিনি নিয়মিত শেয়ারবাজারে লেনদেন করেন। নিয়মিত বিনিয়োগকারী হিসেবে আমাদের ক্লায়েন্ট ক্লোজলি বাজার মনিটরিং করেন। সোমবার আমাদের ক্লায়েন্ট দেখতে পান বিমা খাতের বিভিন্ন কোম্পানির শেয়ার দরপতন হয়েছে, যা অস্বাভাবিক। বিভিন্ন ব্রোকারেজ হাউজ থেকে বিভিন্ন বিমা কোম্পানির মার্জিন ঋণ বন্ধের কারণে এই দরপতন হয়েছে। এ কারণে বিষয়টি বিএসইসির চেয়ারম্যানের নজরে আনতে এবং এ বিষয়ে বিএসইসি যাতে দ্রুত পদক্ষেপ নেয় সে কারণে লিগ্যাল নোটিশ দেওয়া হয়েছে।