ইত্তেফাক রিপোর্ট
টানা দুই কার্যদিবস বড় দরপতনের পর সপ্তাহের তৃতীয় কার্যদিবস গতকাল মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সবকটি মূল্য সূচক বেড়েছে। তবে কমেছে লেনদেনের পরিমাণ। গতকাল দিনের লেনদেন শেষে ডিএসইর প্রধান মূল্য সূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ৩০ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৮৩৯ পয়েন্টে দাঁড়িয়েছে। এর আগে সোমবার সূচকটি ৪৮ পয়েন্ট কমে। তার আগের দিন রবিবার কমে ৫৮ পয়েন্ট। ফলে দুই দিনের টানা পতনে ডিএসইর প্রধান মূল্য সূচক কমে ১০৬ পয়েন্ট।
টানা পতনের পর প্রধান সূচকের পাশাপাশি উত্থান হয়েছে ডিএসইর অপর দুই সূচকের। এর মধ্যে ডিএসই শরিয়াহ্ সূচক সাত পয়েন্ট বেড়ে ১ হাজার ১০৩ পয়েন্টে অবস্থান করছে। আর ডিএসই-৩০ আগের দিনের তুলনায় ১১ পয়েন্ট বেড়ে ১ হাজার ৬৪৯ পয়েন্টে দাঁড়িয়েছে। গতকাল ডিএসইর লেনদেনে অংশ নেওয়া ১৮৫ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দাম বাড়ার তালিকায় নাম লিখিয়েছে। বিপরীতে কমেছে ৯৮টি এবং ৭৩টির দাম অপরিবর্তিত রয়েছে।
সূচকের উত্থান হলেও লেনদেনে নেতিবাচক প্রবণতা দেখা দিয়েছে। প্রায় আড়াই মাস পর বা ৩০ জুলাইয়ের পর ডিএসইতে সর্বনিম্ন লেনদেন হয়েছে। গতকাল বাজারে লেনদেন হয়েছে ৫৮৯ কোটি ৮৫ লাখ টাকা। আগের কার্যদিবসে লেনদেন হয় ৬৯৪ কোটি ৪৯ লাখ টাকা। সে হিসাবে আগের দিনের তুলনায় লেনদেন কমেছে ১০৪ কোটি ৬৪ লাখ টাকা।
অপর দিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক মূল্য সূচক সিএএসপিআই বেড়েছে ৯০ পয়েন্ট। লেনদেন হয়েছে ২২ কোটি ১৬ লাখ টাকা। লেনদেনে অংশ নেওয়া ২৬৪ প্রতিষ্ঠানের মধ্যে ১৩০টির দাম বেড়েছে। কমেছে ৮৮টির এবং ৪৬টির দাম অপরিবর্তিত রয়েছে।
