ফুলবাড়ীতে আশ্বিনে শীতের আমেজ

আপডেট : ১৩ অক্টোবর ২০২০, ২১:৫৭

অনিল চন্দ্র রায়, ফুলবাড়ী (কুড়িগ্রাম) সংবাদদাতা

বাংলা পঞ্জিকা অনুযায়ী মঙ্গলবার ২৮ আশ্বিন। সেই অনুযায়ী শরতের দ্বিতীয় মাস। এরপর হেমন্তের দুই মাস পর শুরু হবে শীতকাল। রৌদ্রোজ্জ্বল দিনে এখনো প্রচণ্ড গরম অনুভূত হলেও রাতের শেষ ভাগে শীত অনুভূত হচ্ছে দেশের উত্তরের জেলা কুড়িগ্রামের ফুলবাড়ীতে। সীমান্তবর্তী এ উপজেলা ভারতের হিমালয়ের কাছাকাছি হওয়ায় হেমন্তের শুরু থেকে আগাম শীতের আগমন ঘটবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। গত বছরসহ অন্য বছরগুলোতেই দেখা গেছে, কার্তিক মাসের শুরুতেই শীত অনুভূত হলেও এবার প্রায় এক মাস আগে আশ্বিনের শুরুতেই শীত অনুভূত হচ্ছে। ইতিমধ্যেই এ অঞ্চলে শুরু হয়েছে শীতের আগমনি বার্তা। গত সেপ্টেম্বর মাসের শেষে ও অক্টোবরের প্রথম দিকে টানা বৃষ্টিপাতের পর থেকে এ অঞ্চলে কুয়াশা পড়ছে মধ্যরাতে। মঙ্গলবার উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, সকাল ৮টা পর্যন্ত বিভিন্ন গাছের পাতা, ঘাস ও ধানখেতে শিশির জমে থাকছে। ভোররাতে শরীরে কাঁথা জড়াতে হচ্ছে এ অঞ্চলের মানুষকে। এক সপ্তাহ ধরে দিনের বেলা সূর্যের তেজ ও তাপমাত্রা বেশি থাকায় কাহিল হয়ে পড়েছেন স্থানীয়রা। কুড়িগ্রামের রাজারহাট উপজেলার কৃষি আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার  জানান, আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী ১৪ অক্টোবর থেকে শীতের আমেজ শুরু হওয়ার কথা থাকলেও এবার কয়েক দিন আগে থেকেই শীতের আমেজ শুরু হয়েছে। এ বছর বর্ষাকালটা দীর্ঘমেয়াদি থাকায় শীতের প্রকোপটা স্বল্পমেয়াদি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং বঙ্গোপসাগরে নিম্নচাপ থাকায় এ অঞ্চলে আকাশে মেঘের আনাগোনা কম। দিনের বেলা তাপমাত্রা একটু বেশি। তবে আগামী কয়েক দিনের মধ্যেই সূর্যের তেজ ও তাপমাত্রা কিছুটা কমতে শুরু করবে।