পেঁয়াজবীজের দাম বেশি হওয়ায় বিপাকে কৃষক!

আপডেট : ১৩ অক্টোবর ২০২০, ২২:০০

রতন কুমার আচার্য্য, বেড়া (পাবনা) সংবাদদাতা

বেড়া উপজেলায় পেঁয়াজের বীজের দাম বাড়ায় বিপাকে পড়েছেন কৃষক। একই সঙ্গে বেড়েছে পেঁয়াজের কন্ধ বা গোটার দামও। এ অবস্থায় পেঁয়াজের আবাদ করতে গিয়েও বিপাকে পড়েছেন কৃষকরা।

পেঁয়াজচাষিরা জানান, গত বছর প্রতি কেজি পেঁয়াজের বীজ ১ হাজার ২০০ থেকে ১ হাজার ৫০০ টাকায় বিক্রি হয়েছে; কিন্তু এবার প্রতি কেজি বীজ বিক্রি হচ্ছে ৪ থেকে ৫ হাজার টাকা। কৃষকদের অভিযোগ, চাহিদা বেশি হওয়ার সুযোগ নিয়ে বীজ ব্যবসার সঙ্গে জড়িত অনেকে এবার পেঁয়াজবীজের দাম কৌশলে বাড়িয়ে দিয়েছে। বেড়ার নলভাঙ্গা গ্রামের মৌসুমি বীজ বিক্রেতা আরব আলী বলেন, ‘অন্যান্য বছরের মতো এবারও আমি ফরিদপুর থেকে পেঁয়াজের বীজ আনিছি; কিন্তু এবার পাইকারি দরে বীজ আনব্যার যায়া এত দামে নিজেই আশ্চর্য হয়া গেছি। যেমন দামে বীজ কিন্যা আনছি তেমন দামেই আমাগরে বেচা লাগতেছে।’

বেড়া উপজেলার চাকলা গ্রামের কৃষক মিজানুর রহমান বলেন, ‘পেঁয়াজের ভালো দাম দেইখ্যা এবার দুই বিঘা বেশি জমিতে পেঁয়াজ আবাদের ইচ্ছা করিছিল্যাম; কিন্তু বীজের দাম এত বেশি হওয়ায় আবাদে সাহস হতেছে না।’ বেড়া উপজেলার উপসহকারী কৃষি কর্মকর্তা আজমত আলী জানান, গত বছর শিলাবৃষ্টি হওয়ায় মাঠে থাকা অবস্থায় বীজের জন্য রাখা পেঁয়াজগাছ ক্ষতিগ্রস্ত হয়েছে। আবার দাম বেড়ে যাওয়ায় অনেক কৃষক বীজের জন্য না রেখে পেঁয়াজ বিক্রি করে দিয়েছে। এই কারণে সারা দেশে পেঁয়াজবীজের দাম বেড়ে গেছে।