কক্সবাজার উত্তর বন বিভাগের ফুলছড়ি রেঞ্জের সংরক্ষিত বনাঞ্চলের ভেতরে মেশিন বসিয়ে বালি উত্তোলনকালে ২০টি উচ্চ ক্ষমতা সম্পন্ন সেলো (ড্রেজার) মেশিন ও এক হাজার ফুট পাইপসহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে। ফুলছুড়ি রেঞ্জের খুটাখালী, মেধাকচ্ছপিয়া, মধুশিয়া ও ফুলছড়ি খাল এলাকায় মঙ্গলবার বেলা ১১ থেকে বিকাল ৫টা পর্যন্ত এ অভিযান চালানো হয়। জব্দ করা সেলোমেশিনগুলো ভেঙে গুড়িয়ে দেয়া হয়েছে। এ ঘটনায় অবৈধভাবে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে বিধি মোতাবেক আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে বলে জানিয়েছেন কক্সবাজার উত্তর বন বিভাগের বিশেষ টহলদলের ইনচার্জ এমদাদুল হক।
বন কর্মকর্তা এমদাদুল হক জানান, সংরক্ষিত বনাঞ্চলের ভেতরে মেশিন বসিয়ে স্থানীয় প্রভাবশালী চক্র অবৈধভাবে বালু উত্তোলন করছে এমন অভিযোগে বেশ কয়েকবার অভিযান চালানো হয়। কিন্তু অভিযানের পূর্বেই তারা মেশিন সরিয়ে ফেলতো। মঙ্গলবারও বালু তোলা হচ্ছে এমন খবরে উত্তর বনবিভাগের সহকারী বনসংরক্ষক মো. সোহেল রানার নেতৃত্বে রেঞ্জ কর্মকর্তা মাজহারুল ইসলাম, সৈয়দ আবু জাকারিয়া, সুলতান মাহমুদ টিটু ও বিশেষ টহলদলের সমন্বয়ে বিট কর্মকর্তা-কর্মচারি ও ভিলেজারসহ ৪০-৫০ জন বেশ কয়েকটিমে ভাগ হয়ে ফুলছুড়ি রেঞ্জের খুটাখালী, মেধাকচ্ছপিয়া, মধুশিয়া ও ফুলছড়ি খাল এলাকায় একসাথে অভিযান চালানো হয়। এসময় জেলা প্রশাসনের পক্ষে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর হোসেন সহযোগিতা দেন।
কক্সবাজার বিভাগীয় বন কর্মকর্তা (উত্তর) তৌহিদুল ইসলাম বলেন, প্রতিটি অভিযান শেষে অভিযুক্তদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করা হচ্ছে। বন ও পাহাড় রক্ষায় এসব অভিযান অব্যাহত থাকবে।
ইত্তেফাক/এসি
