ইত্তেফাক রিপোর্ট
ক্রমবর্ধনশীল নগরায়ণের হাত ধরে বেড়ে উঠছে নতুন নতুন সামাজিক সমস্যা যেমন—যৌন হয়রানি, মাদকাসক্তি, স্বাস্থ্যহীনতা, একাকিত্ব, হতাশা, কিশোর অপরাধসহ বিপথগামিতার নানা দিক। এই অস্থির প্রতিযোগিতায় কোমলমতি শিশু-কিশোরসহ তরুণদের সুস্থ স্বাভাবিকভাবে বেড়ে উঠার অনুকূল পরিবেশ দিতে এবং একটি স্বাস্থ্যোজ্জ্বল, শক্তিশালী বাংলাদেশ নির্মাণে প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে মার্শাল আর্ট চর্চার সুযোগ তৈরি করার দাবি জানানো হয়েছে। গতকাল শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে পরিবেশ বাঁচাও আন্দোলন (পবা), মার্শাল আর্ট ফাউন্ডেশন এবং গ্রিনফোর্সের যৌথ উদ্যোগে আয়োজিত এক মানববন্ধনে এ দাবি জানানো হয়।
পবার চেয়ারম্যান আবু নাসের খানের সভাপতিত্বে বক্তব্য রাখেন মার্শাল আর্ট ফাউন্ডেশনের চেয়ারম্যান আতিক মোরশেদ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সোতোকান কারাতে বাংলাদেশের সাধারণ সম্পাদক ও সাফ গেমসে কারাতের কোচ মো. জসিম উদ্দিন, সাফ গেমসে গোল্ড মেডেলিস্ট হুমায়রা আক্তার অন্তরা, সচেতন নগরবাসীর সভাপতি জি এম রুস্তম খান, নদী বাঁচাও আন্দোলনের সদস্যসচিব শাকিল রেহমান, যুগ্ম-প্রচার সম্পাদক মো. হাসিবুল হক পুনম, ইঞ্জিনিয়ার এ কে এম মুজিবুর রহমান, গ্রিনফোর্সের সমন্বয়ক প্রমুখ।
