অবৈধ ক্যাবল অপসারণে ডিএসসিসির অভিযান

আপডেট : ১৩ অক্টোবর ২০২০, ২২:২১

ইত্তেফাক রিপোর্ট

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের আওতাধীন এলাকায় অবৈধ ক্যাবল সংযোগ অপসারণে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। গতকাল ডিএসসিসির সম্পত্তি কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মুনিরুজ্জামানের নেতৃত্বাধীন ভ্রাম্যমাণ আদালত সদরঘাট এলাকায় অবৈধ ক্যাবল অপসারণে অভিযান পরিচালনা করেন। মনিরুজ্জামানের নেতৃত্বাধীন অভিযানে প্রায় ৯০০ মিটার অংশে অবস্থিত ইলেকট্রিক পোল থেকে অবৈধ ক্যাবল অপসারণ করেন। অবৈধ ক্যাবল অপসারণের পরে আদালত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২ নম্বর গেটে অবস্থিত ঝুঁকিপূর্ণ দুটি যাত্রী ছাউনি উচ্ছেদ করে। উচ্ছেদকৃত মালামাল উন্মুক্ত নিলামের মাধ্যমে ৫ হাজার টাকায় বিক্রি করেন।

এছাড়া করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ কাজী ফয়সালের নেতৃত্বাধীন ভ্রাম্যমাণ আদালত ১৫ নম্বর ওয়ার্ডের সাত মসজিদ রোডে অবৈধ ক্যাবল অপসারণ করেন। এ সময় তিনি প্রায় ১ হাজার ৫০০ মিটার অংশে অবস্থিত ইলেকট্রিক পোল থেকে অবৈধ ক্যাবল অপসারণ করেন। একই সময়ে করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফেরদৌস ওয়াহিদের নেতৃত্বাধীন ভ্রাম্যমাণ আদালত ৩৪ নম্বর ওয়ার্ডের সুরিটোলা প্রাথমিক বিদ্যালয় থেকে আল রাজ্জাক হোটেল পর্যন্ত প্রায় ৪০০ মিটার অংশে অবস্থিত ইলেকট্রিক পোল থেকে অবৈধ ক্যাবল অপসারণ করেন। অন্যদিকে করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট এ এইচ ইরফান উদ্দিন আহমেদের নেতৃত্বাধীন ভ্রাম্যমাণ আদালত সুত্রাপুর কমিউনিটি সেন্টার অংশে রাস্তার দুই পাশে প্রায় ৬০০ মিটার অংশ থেকে অবৈধ ক্যাবল অপসারণ করেন।