এক দিনে ২২ মৃতের ১৭ জনই পুরুষ

আপডেট : ১৩ অক্টোবর ২০২০, ২২:৪৪

দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে এক দিনে আরো ২২ জনের মৃত্যু হয়েছে, আর নতুন রোগী শনাক্ত হয়েছে ১ হাজার ৫৩৭ জন। গতকাল মঙ্গলবার বিকালে সংবাদমাধ্যমে বিজ্ঞপ্তি পাঠিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে দেশে করোনা ভাইরাস পরিস্থিতির এই সবশেষ তথ্য জানানো হয়। সেখানে বলা হয়, গতকাল সকাল ৮টা পর্যন্ত দেশে করোনা ভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা ৩ লাখ ৮১ হাজার ২৭৫ জন হলো। এ পর্যন্ত দেশে করোনা ভাইরাসে মোট মৃতের সংখ্যা ৫ হাজার ৫৭৭ জনে দাঁড়াল।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে বাসা ও হাসপাতালে চিকিত্সাধীন আরো ১ হাজার ৪৮২ জন রোগী সুস্থ হয়ে উঠেছে গত এক দিনে। তাতে সুস্থ রোগীর মোট সংখ্যা বেড়ে ২ লাখ ৯৫ হাজার ৮৭৩ জন হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় সারা দেশে ১০৯টি ল্যাবে ১৩ হাজার ৮১৫টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এ পর্যন্ত পরীক্ষা হয়েছে ২০ লাখ ৯৮ হাজার ৩৭টি নমুনা। ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ১১ দশমিক ১৩ শতাংশ, এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৮ দশমিক ১৭ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৭৭ দশমিক ৬০ শতাংশ এবং মৃত্যুর হার ১ দশমিক ৪৬ শতাংশ। গত এক দিনে যারা মারা গেছেন, তাদের মধ্যে পুরুষ ১৭ জন, নারী ৫ জন।