নিজেকে অনেক শক্তিশালী মনে হচ্ছে

আপডেট : ১৩ অক্টোবর ২০২০, ২২:৪৯

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবার নির্বাচনি প্রচারণায় ফিরেছেন। করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ায় দুই সপ্তাহের কম সময় তিনি প্রচারণায় অংশ নিতে পারেননি। তিনি আরো চার বছরের জন্য জয়ী হতে যাচ্ছেন বলে সমর্থকদের জানিয়েছেন। সমাবেশে ট্রাম্প নিজের মাস্ক দর্শকদের উদ্দেশ্যে ছুড়ে মারেন যা নিয়ে সমালোচনা শুরু হয়েছে। খবর সিএনএনের

প্রেসিডেন্ট ট্রাম্প সোমবার নির্বাচনের ব্যাটলগ্রাউন্ড হিসেবে পরিচিত ফ্লোরিডার সমাবেশে বলেন, ‘করোনা ভাইরাসমুক্ত হয়ে নিজেকে এখন অনেক শক্তিশালী মনে হচ্ছে। আমার শরীরে অ্যান্টিবডি তৈরি হয়েছে। আমি সব দর্শককে চুম্বন করব। আমি সব সমর্থক এবং সুন্দরী নারীদের চুম্বন করব’। তিনি নিজের মাস্কটি তার সমর্থকের মধ্যে ছুড়ে মারেন।

ট্রাম্পের চিকিত্সক দল জানিয়েছে, প্রেসিডেন্ট ট্রাম্পের ফের করোনা ভাইরাস পরীক্ষায় নেগেটিভ ফল এসেছে। তার থেকে ভাইরাস ছড়ানোর কোনো হুমকি নেই। তবে ট্রাম্পের শরীরে ইমিউনিটি তৈরির যে কথা বলা হয়েছে তার কোনো প্রমাণ পাওয়া যায়নি। ট্রাম্প সমাবেশে গতবারের প্রেসিডেন্ট প্রার্থী হিলারি ক্লিনটনেরও সমালোচনা করেন। তিনি বাইডেনকে ‘স্লিপি জো’ উল্লেখ করে বলেন, বাস্তবে বাইডেনের সমর্থনে তেমন কাউকে দেখা যাচ্ছে না। আর বাইডেন অভিযোগ করেছেন, করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার পর ট্রাম্প বেপরোয়া আচরণ করছেন।

ফ্লোরিডার সমাবেশ থেকে ইঙ্গিত মিলেছে যে করোনা ভাইরাস আক্রান্ত হওয়ার পরও ট্রাম্প তার প্রচারণার ভঙ্গিতে পরিবর্তন আনেননি। তার সমাবেশে বেশিরভাগ লোকের মুখেই মাস্ক ছিল না। এমনকি ন্যুনতম সামাজিক দূরত্বও মানা হয়নি।