সিলেট অফিস
এমসি কলেজ ছাত্রাবাসে স্বামীকে বেঁধে গৃহবধূকে গণধর্ষণের ঘটনায় সাইফুর, রনি, রবিউল ও মাহফুজের ছাত্রত্ব এবং সার্টিফিকেট বাতিল করেছে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। পাশাপাশি তাদের স্থায়ীভাবে এমসি কলেজ থেকে বহিষ্কার করা হয়। সোমবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। এমসি কলেজের অধ্যক্ষ প্রফেসর সালেহ আহমদ বিষয়টি নিশ্চিত করেছেন।
বহিষ্কৃতরা হচ্ছে—বিএসএস ডিগ্রি পাস কোর্সের ২০১২-১৩ শিক্ষাবর্ষের অনিয়মিত ছাত্র সাইফুর রহমান (২৮)। ২০১৬-১৭ শিক্ষাবর্ষের ইংরেজি মাস্টার্স ফাইনাল বর্ষের নিয়মিত শিক্ষার্থী শাহ মাহবুবুর রহমান ওরফে রনি (২৫)। বিএসএস ডিগ্রি পাস কোর্সের ২০১৩-১৪ শিক্ষাবর্ষের নিয়মিত শিক্ষার্থী রবিউল ইসলাম (২৫)। ২০১৭-১৮ শিক্ষাবর্ষের ইংরেজি বিভাগের মাস্টার্স ফাইনাল বর্ষের নিয়মিত শিক্ষার্থী মাহফুজুর রহমান (২৫)। এই চার জনই এমসি কলেজ ছাত্রাবাসে ধর্ষণ মামলার আসামি। এর মধ্যে সাইফুর এই মামলার প্রধান আসামি। চার জনই এ ঘটনার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দেয়। গত ২৫ সেপ্টেম্বর রাতে ছাত্রাবাসে গৃহবধূ ধর্ষণের ঘটনায় ছয় জনকে আসামি করে এসএমপির শাহপরান থানায় মামলা দায়ের করেন ঐ গৃহবধূর স্বামী।
