ইত্তেফাক অনলাইনে খবর প্রকাশের পর সেই বিদ্যালয় ভবন পরিদর্শনে ইউএনও

আপডেট : ১৩ অক্টোবর ২০২০, ২৩:৩৮

ইত্তেফাকের অনলাইনে ‘হস্তান্তরের আগেই বিদ্যালয়ের নতুন ভবনের ছাদ চুইয়ে পড়ছে পানি’ শিরোনামে সংবাদ প্রকাশের পর মঙ্গলবার দুপুরে ভবন পরিদর্শন করেন বড়লেখা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শামীম আল ইমরান। 

গত সোমবার (১২ অক্টোবর) ইত্তেফাকের অনলাইনে এই সংবাদ প্রকাশ হয়। ইউএনওর পরিদর্শনের পর ভবনটির ত্রুটিগুলো মেরামতের কাজ শুরু করেছে ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স রুসমত আলম। 

এ সময় ইউএনওর সাথে বড়লেখা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হাওলাদার আজিজুল ইসলাম, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের মৌলভীবাজার কার্যালয়ের সহকারী প্রকৌশলী মো. শামীম, বড়লেখা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. উবায়েদ উল্লাহ খান, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের উপ সহকারী প্রকৌশলী আফজাল হোসেন, নারী শিক্ষা একাডেমি ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ একেএম হেলাল উদ্দিন ও নারী শিক্ষা একাডেমি মাধ্যমিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মাজহারুল ইসলাম, ঠিকাদারি প্রতিষ্ঠানের পরিচালক রুসমত আলী প্রমুখ উপস্থিত ছিলেন।

শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের মৌলভীবাজার কার্যালয়ের সহকারী প্রকৌশলী মো. শামীম বলেন, ‘সরেজমিনে দেখে গেছি। কিছু দাগের চিহ্ন পাওয়া গেছে। এই ত্রুটিগুলো দ্রুত সমাধান করার জন্য ঠিকাদারকে নির্দেশ দেওয়া হয়েছে। ঠিকাদারের লোকজন কাজ শুরু করে দিয়েছেন। এরপর কিছু দিন পর্যবেক্ষণ করে ভবনে রংয়ের কাজ হবে।’

বড়লেখা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শামীম আল ইমরান  বিকেলে বলেন, ‘সংবাদের প্রেক্ষিতে সরেজমিনে পরিদর্শন করেছি। সংবাদে যে ত্রুটিগুলো এসেছে, এগুলো পাওয়া গেছে। ত্রুটিগুলো দ্রুত সংশোধন করতে ঠিকাদারকে বলা হয়েছে। এছাড়া সংশোধন না হওয়া পর্যন্ত পরবর্তী বিল না দিতে সংশ্লিষ্ট বিভাগকে বলা হয়েছে।’

উল্লেখ্য, গত প্রায় ছয় মাস আগে নারীশিক্ষা একাডেমি মাধ্যমিক উচ্চ বিদ্যালয়ের চার তলা নতুন ভবনের ছাদের ঢালাইয়ের কাজ সম্পন্ন হয়। এরপর ঢালাইয়ের উপর স্থাপন করা হয় রুফ টাইলস। ভবনটি এখনো হস্তান্তর করা হয়নি। এর আগেই কাজ সম্পন্ন হওয়া ছাদ চুইয়ে পড়ছে বৃষ্টির পানি। চুইয়ে পড়া জায়গা স্যাঁতসেঁতে হয়ে গেছে। কিছু স্থানে ফাটল দেখা দিয়েছিল। সিমেন্টের প্রলেপ দিয়ে এগুলো ঢেকে দেওয়া হয়। এই ভবন নির্মাণে সরকারের ব্যয় হচ্ছে ২ কোটি ৫৩ লাখ টাকা। কাজটি সম্পন্ন করছে মেসার্স রুসমত আলম নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান।

ইত্তেফাক/ইউবি