রাজধানীর গুলিস্তানে সুন্দরবন স্কয়ার সুপার মার্কেটে টেলিভিশনসহ ইলেকট্রনিকস নকল পণ্য বিক্রির অভিযোগে র্যাব-৩-এর ভ্রাম্যমাণ আদালত সাতটি দোকানে অভিযান চালিয়ে ১৩ লাখ টাকা জরিমানা করেছে। গতকাল রাতে র্যাব-৩-এর নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ কুমার বসু বিষয়টি নিশ্চিত করেছেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ কুমার বসু জানান, গতকাল বেলা দেড়টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত একটানা র্যাব-৩-এর একটি দল রাজধানীর গুলিস্তান সুন্দরবন স্কয়ার সুপার মার্কেটে অভিযান পরিচালনা করেন। অভিযানকালে সাতটি দোকানকে ১৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এ সময় বিপুল পরিমাণ সনি, স্যামসাং, প্যানাসনিক, কনকা ও নিপ্পনসহ বিভিন্ন ব্র্যান্ডের নকল টেলিভিশনসহ নকল ইলেকট্রনিকস পণ্য জব্দ করা হয়েছে।
