আজ ১৪ অক্টোবর বিশ্ব মান দিবস। পণ্য এবং সেবার মানের বিষয়ে সচেতনতা তৈরিতে প্রতি বছর বিশ্বব্যাপী এ দিবসটি পালন করা হয়ে থাকে। এ বছরের বিশ্ব মান দিবসের প্রতিপাদ্য হলো ‘পৃথিবী সুরক্ষায় মান’। এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্বের অন্যান্য দেশের ন্যায় বাংলাদেশেও দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালন করা হচ্ছে। দিবসটি উপলক্ষ্যে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক পৃথক বাণী দিয়েছেন। এছাড়া দিবসটি উপলক্ষ্যে আন্তর্জাতিক মান সংস্থা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর স্ট্যান্ডারডাইজেশনের (আইএসও) পক্ষ থেকে বাণী দেওয়া হয়েছে। বিশ্ব মান দিবস উপলক্ষ্যে জাতীয় মান সংস্থা বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) প্রধান কার্যালয়ের পাশাপাশি বিভাগীয় ও জেলা কার্যালয়ে আলোচনাসভাসহ প্রচার-প্রচারণামূলক কার্যক্রম গ্রহণ করা হয়েছে। দিবসটি উপলক্ষ্যে আজ বুধবার রাজধানীর তেজগাঁওয়ের বিএসটিআইর প্রধান কার্যালয়ে আলোচনাসভা অনুষ্ঠিত হবে।
