জেলার বেগমগঞ্জ উপজেলার একলাশপুরে এক নারীকে (৩৫) বিবস্ত্র করে নির্যাতন ও ভিডিওচিত্র ধারণ ও ছড়িয়ে দেযার মামলা দায়েরের ৯ দিন পর মঙ্গলবার বেগমগঞ্জ মডেল থানার ওসি হারুন অর রশিদ চৌধুরীকে প্রত্যাহার করা হয়েছে।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জেলার পুলিশ সুপার মো. আলমগীর হোসেন, জানান, ওসিকে ডিআইজি চট্টগ্রাম রেঞ্জ অফিসে সংযুক্ত করা হয়েছে। কি কারণে তাকে প্রত্যাহার করা হয়েছে তা তিনি জানাতে পারেনি।
ঘটনার মূল হোতা দেলোয়ার ৫ মামলায় গ্রেফতার
নারীকে বিবস্ত্র করে নির্যাতনের ঘটনার মূল হোতা দেলোয়ার বাহিনী প্রধান দেলোয়ার হোসেনকে ৫ অক্টোবর নারায়ণগঞ্জের সিদ্দিরগঞ্জ থেকে অস্ত্রসহ গ্রেফতার করে র্যাব। সকালে পিবিআই নোয়াখালী কার্যালয়ের পরিদর্শক মামুনুর রশিদ পাটোয়ারী তাকে জেলার ৩নং আমলী আদালতে হাজির করেন। তিনি দেলোয়ারকে নারী ও শিশু নির্যাতন দমন আইন এবং পর্ণোগ্রাফি নিয়ন্ত্রণ আইনের মামলায় তাৎক্ষণিক গ্রেফতারের (শোন এরেস্ট) জন্য আদালতে আবেদন করলে বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাশফিকুল হক তা মঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ প্রদান করেন। দেলোয়ারের বিরুদ্ধে ধর্ষণের ঘটনায় ভুক্তভোগীর থানায় দায়ের করা মামলা এবং পূর্বের অস্ত্র ও বিস্ফোরক দুটি মামলায় দেলোয়ারকে গ্রেফতার দেখাতে পুলিশের আবেদনও মঞ্জুর করেন আদালত।
সুমন ৪ দিনের রিমান্ডে
মামলার ৬ নম্বর আসামি শামছুদ্দিন সুমনকে মঙ্গলবার একই আদালতে হাজির করে পিবিআই। মামলার তদন্ত কর্মকর্তা আদালতে তার ৭ দিনের রিমান্ড আবেদন করলে বিচারক ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন এবং কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
মেম্বারের জামিন আবেদন নামঞ্জুর
এ মামলার অপর আসামি ইউপি সদস্য মোয়াজ্জেম হোসেন সোহাগ মঙ্গলবার একই আদালতে জামিনের আবেদন করেন। শুনানি শেষে আদালত তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
কালামের স্বীকারোক্তি
রিমান্ডে থাকা এ মামলার ৩ নম্বর আসামি ঘটনার মুল হোতা দেলোয়ারের প্রধান সহযোগী আবুল কালামকে মঙ্গলবার দুপুরে পিবিআই নোয়াখালী কার্যালয়ের পরিদর্শক মো. মোস্তাফিজুর রহমান একই আদালতে হাজির করে তার স্বীকারোক্তিমূলক জবানবন্দি গ্রহণের জন্য আবেদন করেন। পরে বিকালে আদালতের বিচারক মাসফিকুল হক ১৬৪ ধারায় তার জবানবন্দি রেকর্ড করেন। শেষে আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।
আসামিদের আইনি সহায়তা না করার সিদ্ধান্ত
জেলা আইনজীবী সমিতির সভাপতি মোল্লা হাবিবুর রাসুল মামুন জানিয়েছেন, জেলা বারের কোনো আইনজীবী এ মামলার আসামিদের আইনি সহায়তা দেবে না। এ কারণে মঙ্গলবার আসামি মোয়াজ্জেম হোসেন সোহাগ মেম্বারকে আদালতে কোনো আইনি সহায়তা দেননি আইনজীবীরা।
ইত্তেফাক/ইউবি
