৯০ দিনের মধ্যে ল্যান্ড সার্ভে আপিল ট্রাইব্যুনাল গঠনের নির্দেশ

আপডেট : ১৪ অক্টোবর ২০২০, ০০:১৯

ল্যান্ড সার্ভে আপিল ট্রাইব্যুনাল গঠন করতে ভূমি মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। জমিসংক্রান্ত মামলার রায়, ডিক্রি ও আদেশের বিরুদ্ধে আপিল নিষ্পত্তির জন্য ৯০ দিনের মধ্যে এ ধরনের আপিল ট্রাইব্যুনাল গঠন করতে ভূমি মন্ত্রণালয়ের সচিবকে বলা হয়েছে। স্বতঃপ্রণোদিত হয়ে জারিকৃত রুল যথাযথ ঘোষণা করে এ রায় দেন বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি মো. আশরাফুল কামালের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ। গত বছরের ২৫ জুলাই দেওয়া রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি সম্প্রতি সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।

রায়ের পর্যালোচনায় বলা হয়েছে, ২০০৪ সাল থেকে গত বছর পর্যন্ত দীর্ঘ ১৫ বছরে ভূমি মন্ত্রণালয় আপিল ট্রাইব্যুনাল প্রতিষ্ঠা করতে না পারায় লাখ লাখ বিচারপ্রার্থী জনগণ সীমাহীন দুর্ভোগে পড়েছে। দীর্ঘ এ সময়ের মধ্যে একটি প্রজ্ঞাপন জারি করতে না পারাটা ভূমি মন্ত্রণালয়ের সচিবের চরম ব্যর্থতা। সরকার নিজের আইন নিজে যথাযথ এবং দ্রুত সময়ের মধ্যে বাস্তবায়ন করবে, এটাই সকলের কাম্য।

২০০৪ সালের রাষ্ট্রীয় অধিগ্রহণ ও প্রজাস্বত্ব আইন (সংশোধিত) এর ২ ধারায় ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল এবং ল্যান্ড সার্ভে আপিলের ট্রাইব্যুনাল গঠনের কথা বলা হয়েছে। আইন অনুযায়ী দেশে ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল গঠনও করা হয়েছে। কিন্তু আইনে থাকার পরও এখন পর্যন্ত কোনো ল্যান্ড সার্ভে আপিল ট্রাইব্যুনাল গঠন করা হয়নি।