কাফনের কাপড় পরে প্রাথমিক বিদ্যালয়ে প্যানেল প্রত্যাশীদের অবস্থান

আপডেট : ১৪ অক্টোবর ২০২০, ০০:১৯

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগে প্যানেলের দাবিতে কাফনের কাপড় পরে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের (ডিপিই) সামনে অবস্থান নিয়েছেন চাকরি প্রার্থীরা। গতকাল মঙ্গলবার দুপুর থেকে অধিদপ্তরের সামনে অবস্থান নেন তারা। একই দাবিতে গত তিন দিন ধরে জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন নিয়োগপ্রত্যাশীদের আরেকটি অংশ।

সংগঠনের সভাপতি আব্দুল কাদের বলেন, দীর্ঘদিন ধরে সরকারের কাছে অনেক আবেদন-নিবেদন করেও কোনো ফল না পাওয়ায় শিক্ষকরা অধিদপ্তরের সামনে অবস্থান নিতে বাধ্য হয়েছেন। আমরা লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়ে নিজেদের যোগ্যতা প্রমাণ করার পরও শূন্য পদে নিয়োগ দেওয়া হচ্ছে না। এ ব্যাপারে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছি।

২০১৮ সালে প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগে প্রায় ২৪ লাখ পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেন। তাদের মধ্যে ৫৫ হাজার ২৯৫ জন লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হন। এর পর মৌখিক পরীক্ষার মাধ্যমে প্রায় ১৮ হাজার জনকে নিয়োগ দেওয়া হয়। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ বাকি ৩৭ হাজার জনকে প্যানেলের মাধ্যমে নিয়োগের দাবি জানিয়ে আসছেন চাকরি প্রার্থীরা।

প্যানেলে নিয়োগপ্রত্যাশী কমিটির সাধারণ সম্পাদক আবু হাসান জানান, এই কর্মসূচি দেওয়া ছাড়া আর কোনো উপায় ছিল না। অত্যন্ত নিয়মতান্ত্রিক উপায়ে শান্তিপূর্ণভাবে এই অবস্থান কর্মসূচি চলছে। অবিলম্বে শিক্ষকদের দাবি মেনে নেওয়ার আহ্বান জানান তিনি।