ব্যাংক কর্মকর্তাদের পদোন্নতিতে ব্যাংকিং ডিপ্লোমার জন্য নির্দিষ্ট নম্বর রাখা বাধ্যতামূলক করেছে কেন্দ্রীয় ব্যাংক। এখন থেকে কোনো কর্মকর্তা ডিপ্লোমা কোর্স করলে তার পদোন্নতিতে নির্দিষ্ট নম্বর যোগ হবে। গতকাল মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে।
জানা গেছে, বর্তমানে কিছু ব্যাংক তাদের কর্মকর্তাদের পদোন্নতির ক্ষেত্রে ব্যাংকিং ডিপ্লোমার নম্বর যোগ করলেও অনেক ব্যাংক নির্দিষ্ট নম্বর যোগ করছে না। তাই বিষয়টিকে গুরুত্ব দিয়ে ডিপ্লোমা নম্বর পদোন্নতিতে যোগ করা বাধ্যতামূলক করা হয়েছে।
নতুন নির্দেশনা অনুযায়ী, এখন থেকে অফিসার ও সমমানের পদ থেকে মহাব্যবস্থাপক ও সমমানের (প্রধান নির্বাহীর অব্যাবহিত নিচের এক স্তর ব্যতীত অন্য সব কর্মকর্তা, যে নামেই অভিহিত হোক না কেন) পদ পর্যন্ত প্রতিটি ধাপে পদোন্নতির ক্ষেত্রে বরাদ্দ মোট নম্বরের মধ্যে ব্যাংকিং ডিপ্লোমা, ১ম পর্ব (জেএআইবিবি) ও ব্যাংকিং ডিপ্লোমা, ২য় পর্ব (ডিএআইবিবি) পরীক্ষার জন্য একটি নির্দিষ্ট নম্বর বরাদ্দ রাখতে হবে। ব্যাংকিং ডিপ্লোমা, ২য় পর্ব পরীক্ষার জন্য নির্ধারিত নম্বর কোনোভাবেই ১ম পর্বের জন্য নির্ধারিত নম্বরের চেয়ে কম হতে পারবে না।
এসব শর্ত টেকনিক্যাল পদ এবং ক্যাশে কর্মরত কর্মকর্তাদের ক্ষেত্রে শিথিল করা যাবে। তবে এ সংক্রান্ত নীতিমালা ব্যাংকের পরিচালনা পর্ষদ কর্তৃক অনুমোদিত হতে হবে। এ নির্দেশনা অবিলম্বে কার্যকর হবে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
