বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, সরকার মাঝে মধ্যে কিছু ম্যাজিক দেখানোর চেষ্টা করে। ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের বিধান রেখে অধ্যাদেশ জারি তেমনই লোক দেখানো। প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে তিনি বলেন, নারী নির্যাতন বিরোধী আইনেই তো সাতটি ধারা আছে মৃত্যুদণ্ডের। আপনি মনে করেছেন, আবার নতুন করে মৃত্যুদণ্ডের আইন করে আপনি জনগণের দৃষ্টিকে ভিন্নখাতে প্রবাহিত করবেন। যে আইন ছিল সেই আইনেরই তো এতদিন প্রয়োগ হয়নি। কারণ ইউএনও-ডিসি-এসপিরা আপনাদের কথার বাইরে একচুলও এদিক-ওদিক নড়ে না, যদি নড়তে পারত তাহলে দেশে আইনের শাসন থাকত। তাহলে ছাত্রলীগ-যুবলীগের নেতারা সারা দেশে ধর্ষণ করে চলেছে, এটা করতে পারত না।
গতকাল মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয়তাবাদী শ্রমিক দলের আয়োজনে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের নামে ইতিহাস বিকৃত করে নাটক বানানোর প্রতিবাদে মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে রিজভী এসব কথা বলেন। আয়োজক সংগঠনের সভাপতি আনোয়ার হোসেনের সভাপতিত্বে এবং যুগ্ম সাধারণ সম্পাদক মঞ্জুরুল ইসলাম মঞ্জুর সঞ্চালনায় মানববন্ধনে হাবিব-উন-নবী খান সোহেল, হুমায়ুন ইসলাম ও মোস্তাফিজুর রহমান প্রমুখ বক্তব্য দেন
