ভারত এবং বাংলাদেশের মধ্যে সৌহার্দপূর্ণ সম্পর্ক আছে। এই সম্পর্ক আরো গভীরতর হচ্ছে। নয়াদিল্লির বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত মোহাম্মদ ইমরান আখাউড়া স্থলবন্দরে গতকাল মঙ্গলবার দুপুরে এ কথা বলেন। তিনি সোমবার ত্রিপুরায় আসেন। মঙ্গলবার সকালে আখাউড়া আগরতলা রেললাইন নির্মাণকাজ পরিদর্শন করেন। এর পর আসেন আখাউড়া চেকপোস্টে। এখানে বাংলাদেশ অংশে রাষ্ট্রদূতকে স্বাগত জানান, আখাউড়া উপজেলা নির্বাহী অফিসার মো. নূর-এ-আলম, ব্রাহ্মণবাড়িয়া কাস্টম’স ডেপুটি কমিশনার ফকরুল আমীন চৌধুরী, আখাউড়া স্থলবন্দর কর্তৃপক্ষের সহকারী পরিচালক মুস্তাফিজুর রহমান, আখাউড়া চেকপোস্ট ইমিগ্রেশন ইনচার্জ হামিদুর রহমান। এ সময় দিল্লিতে নিযুক্ত বাংলাদেশ রাষ্ট্রদূতের সঙ্গে আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনার কিরিটি চাকমা, আগরতলা স্থলবন্দর ম্যানেজার দেবাশীষ নন্দী প্রমুখ।
আখাউড়া চেকপোস্টে দিল্লির বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত মোহাম্মদ ইমরান সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন, প্রতিবেশী দুই দেশের মধ্যে যোগাযোগ বাড়ছে। এর জন্য অবকাঠামো তৈরি হচ্ছে। এই বিষয়ে দুই দেশ একসঙ্গে কাজ করছে। আশা করি এই কাজগুলো শেষ হলে উভয় দেশের জনসাধারণ উপকৃত হবে। তিনি আরো বলেন, ‘আমি মনে করি আমাদের দিকে এই অবকাঠামোর উন্নয়নের অনেক সুযোগ আছে। বাংলাদেশ অংশে অনেক জায়গা আছে। অবকাঠামোর উন্নয়ন করে পরিষেবা বাড়ানো এবং এক জায়গায় নিয়ে আসা যাবে।’ যাত্রীদের সেবার পাশাপাশি দুই দেশের বাণিজ্য সুবিধাদিও বাড়বে।
