ভারতীয় কিছু গণমাধ্যমের কা্লজ্ঞানহীন রিপোর্টিংয়ের বিরুদ্ধে মামলা দায়ের করেছে বলিউডের বড় বড় কয়েকটি প্রযোজনা প্রতিষ্ঠান। গত জুনে বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর এ ধরণের পদক্ষেপ আসলো। পুলিশের ধারণা, তিনি আত্মহত্যা করেছেন। মামলা করা এসব প্রযোজনা প্রতিষ্ঠানগুলোর মধ্যে শাহরুখ খান, আমির খান এবং সালমান খানের প্রতিষ্ঠানও রয়েছে।
৩৪ জন প্রযোজক এবং চারটি চলচ্চিত্র বিষয়ক প্রতিষ্ঠান মিলিতভাবে দু’টি ভারতীয় মিডিয়া চ্যানেল এবং চার জন উপস্থাপকের বিরুদ্ধে মামলা দায়ের করেছে। তারা অভিযোগের বিষয়ে মন্তব্য করেনি। মামলায় উল্লেখ করা হয়, বলিউডের সদস্যদের গোপনীয়তায় হস্তক্ষেপ করা হয়েছে, পুরো বলিউডকে অপরাধীর মতো উপস্থাপন করে এর সদস্যদের সম্মানের প্রতি অপূরণীয় ক্ষতি করা হয়েছে, বলিউডকে মাদক সংস্কৃতির সঙ্গে এক করে দেখানো হয়েছে এবং সাধারণ মানুষের মনে বলিউডকে অপরাধমূলক কাজের প্রতিশব্দ হিসেবে তুলে ধরা হয়েছে। -বিবিসি
