দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হালদায় থামছে না অতি বিপন্ন ডলফিন হত্যা। মঙ্গলবার (১৩ অক্টোবর) সন্ধ্যা ৬ টায় হালদা নদীর রাউজান অংশের কাগতিয়া আজিমের ঘাট এলাকায় একটি মৃত ডলফিন উদ্ধার করা হয়। এ নিয়ে তিন বছরে হালদা থেকে ২৭টি মৃত ডলফিন উদ্ধার করা হয়েছে।
আইডিএফ এর আওতাধীন হালদা স্বেচ্ছাসেবক দলের রাউজান অংশের সভাপতি রোসাঙ্গির আলম দৈনিক ইত্তেফাককে বলেন, বিকাল ৫টার দিকে আজিমের ঘাট এলাকায় একটি মৃত ডলফিন আটকে থাকা অবস্থায় দেখে উপজেলা প্রশাসনসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে খবর দেয়। সন্ধ্যা ৬টার দিকে নদী হতে পাড়ে তুলে নিয়ে আসি। রাউজান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল মাহমুদ ভূঁইয়ার উপস্থিতে ডলফিনটি মাটি চাপা দেওয়া হয়।
এই বিষয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের অধ্যাপক ও হালদা রিভার রিসার্চ ল্যাবরেটরির সমন্বয়ক ড. মনজুরুল কিবরিয়া দৈনিক ইত্তেফাককে বলেন, উদ্ধার ডলফিনটি প্রায় তিনদিন আগের মৃত। এর দেহের দৈর্ঘ্য ৪৬ ইঞ্চি। দেহের মাঝ বরাবর এবং লেজের অংশে কাটা চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে অবৈধ মৎস্য শিকারীর পাতানো জালে ডলফিনটি আটকা পড়লে তাকে ধারালো দা বা ছুরি দ্বারা আঘাত করে হত্যা করা হয়।
উল্লেখ্য, গত ২০১৭ সালের সেপ্টেম্বর থেকে ২০২০ সালের ২০ আগষ্ট পর্যন্ত ২৬টি মৃত ডলফিন উদ্ধার করা হয়েছিল। ওই ডলফিনগুলোর মৃত্যুর কারণ ছিল ইঞ্জিন চালিত বোট, ড্রেজারের পাখার আঘাত, নদী দূষণ ও অবৈধ মৎস্য শিকারী কর্তৃক হত্যা। ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অব নেচারের লাল তালিকাভুক্ত (অতি বিপন্ন প্রজাতি) একটি জলজ প্রাণী এই ডলফিন। বিশ্বের বিভিন্ন নদীতে অতি বিপন্ন প্রজাতির ডলফিন আছে মাত্র এক হাজার একশটি। এর মধ্যে শুধু হালদাতেই ছিল ১৭০টি।
ইত্তেফাক এসি
