ইলিশের উৎপাদন বাড়াতে আজ বুধবার থেকে আগামী ২২ দিন ইলিশ আহরণ ও বিক্রি সম্পূর্ণভাবে নিষিদ্ধ করেছে সরকার। নিষেধাজ্ঞার প্রথম দিনে বুধবার ভোর রাতে শরণখোলার বলেশ্বর নদীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বিপুল পরিমাণ নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করে পুড়িয়ে ফেলা হয়েছে।
শরণখোলা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা বিনয় কুমার রায় জানান, ইলিশ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ২২ দিনের নিষেধাজ্ঞার সময় কেউ যাতে নদীতে জাল ফেলতে না পারে তা নিশ্চিতে শরণখোলা উপজেলা নির্বাহী অফিসার সরদার মোস্তফা শাহিনের নেতৃত্বে বুধবার মধ্য রাত থেকে ভোর রাত পর্যন্ত বলেশ্বর নদীতে মোবাইল কোর্ট পরিচালিত হয়। এ সময় সন্যাসীর মোহনায় নদী থেকে বিপুল পরিমাণ কারেন্ট জাল আটক করা হয়। মোবাইল কোর্টের অভিযান টের পেয়ে জেলেরা জাল ফেলে পালিয়ে যায়। আটক জালের বাজার মূল্য আড়াই লাখ টাকা যা পরে শরণখোলার রায়েন্দা সুইসগেট এলাকায় পুড়িয়ে ফেলা হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার সরদার মোস্তফা শাহিন জানান, ইলিশ রক্ষায় নদীতে মোবাইল কোর্টের অভিযান অব্যাহত রাখা হবে।
ইত্তেফাক/এমআর

