খুলনায় নিজ মেয়েকে (১৪) ধর্ষণের অভিযোগে শহীদুল ইসলাম (৩৫) নামে একজনকে গ্রেফতার করা হয়েছে। গত মঙ্গলবার রাতে নগরীর উত্তর হরিণটানা তৃতীয় গলির ভাড়া বাসা থেকে লবণচরা থানা পুলিশ তাকে গ্রেফতার করে। গ্রেফতার শহীদুল পেশায় একজন শ্রমিক।
লবণচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সমীর কুমার সরকার জানান, শহীদুল ইসলামের সঙ্গে মনোমালিন্যের কারণে তার স্ত্রী বেশ কিছুদিন ধরে একসঙ্গে বসবাস করেন না। শহীদুল তার চার ছেলে-মেয়ে নিয়ে নগরীর উত্তর হরিণটানার তৃতীয় গলির জনৈক আব্দুর রউফের বাড়িতে ভাড়া থাকেন। গত ৮ অক্টোবর গভীর রাতে শহীদুল তার পঞ্চম শ্রেণিতে পড়ুয়া বড় মেয়েকে ধর্ষণ করে। এ ঘটনা জানাজানি হলে মঙ্গলবার রাতে ধর্ষণের শিকার মেয়েটির খালা বাদী হয়ে শহীদুলের বিরুদ্ধে লবণচরা থানায় মামলা দায়ের করেন। ওই দিন রাতেই ধর্ষক পিতা শহীদুলকে গ্রেফতার করা হয়।
আরও পড়ুন: সীমান্তে দু’দেশের সম্পর্কের উত্তাপ বাড়াচ্ছে ভারত : চীন
তিনি জানান, বুধবার দুপুরে অভিযুক্ত শহীদুল ইসলামকে আদালতে প্রেরণ করা হয়েছে। এছাড়া ধর্ষণের শিকার মেয়েটিকে ডাক্তারি পরীক্ষার জন্য খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে।
ইত্তেফাক/এএএম
