চাটমোহর (পাবনা) সংবাদদাতা
চাটমোহরে আমনের খেতে মাজরা পোকার আক্রমণ দেখা দিয়েছে। কৃষকরা কৃষি বিভাগের পরামর্শে খেতে স্প্রে করছেন। বন্যা ও অতিবৃষ্টির পর এখন পোকার আক্রমণে বিপাকে পড়েছেন তারা। কৃষি বিভাগ জানায়, এ বছর উপজেলায় ৭ হাজার ৪০০ হেক্টর জমিতে রোপা আমনের আবাদ করা হয়েছে। অতিবৃষ্টি ও বন্যায় এরই মধ্যে ১০০ হেক্টর জমির আমন ধানের ক্ষতি হয়েছে। এর মধ্যে বিভিন্ন স্থানে মাজরা পোকার আক্রমণ দেখা দিয়েছে। চাটমোহর উপজেলা কৃষি কর্মকর্তা এ এ মাসুম বিল্লাহ জানান, উপজেলার কিছু কিছু এলাকায় পোকার আক্রমণ দেখা দিয়েছে। তবে তা নিয়ন্ত্রণে রয়েছে। আবহাওয়াজনিত কারণে এ অবস্থার সৃষ্টি হয়েছে।
