ডুমুরিয়া (খুলনা) সংবাদদাতা
অবৈধভাবে বোমা মেশিন দিয়ে বিল থেকে বালু উত্তোলন ও বিক্রি করার দায়ে দুই জনকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার সন্ধ্যায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সঞ্জিব কুমার দাস ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। তিনি বলেন, দীর্ঘদিন ধরে উপজেলার রুদাঘরা ইউনিয়নের মধুগ্রাম মৌজার কুড়ের বিলে বোমা মেশিন লাগিয়ে বালু উত্তোলন করে বিক্রি করা হচ্ছিল। অভিযানের সময় বোমা মেশিনসহ মিজানুর রহমান খান (৩৫) ও ফিরোজ মোল্যা (৩৪) নামের দুই জনকে আটক করা হয়। পরে তাদের কাছ থেকে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
