বলেশ্বর নদ থেকে কারেন্ট জাল জব্দ

আপডেট : ১৪ অক্টোবর ২০২০, ২১:১৭

শরণখোলা (বাগেরহাট) সংবাদদাতা

১৪ অক্টোবর থেকে ইলিশ ধরায় ২২ দিনের নিষেধাজ্ঞার প্রথম দিনে বুধবার ভোররাতে শরণখোলার বলেশ্বর নদীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বিপুল নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ হয়েছে। শরণখোলা উপজেলা সিনিয়র মত্স্য কর্মকর্তা বিনয় কুমার রায় জানান, ইলিশ উত্পাদন বৃদ্ধির লক্ষ্যে ২২ দিনের নিষেধাজ্ঞার সময় কেউ যাতে নদীতে জাল ফেলতে না পারে তা নিশ্চিতে শরণখোলা উপজেলা নির্বাহী কর্মকর্তা সরদার মোস্তফা শাহিনের নেতৃত্বে বুধবার মধ্যরাত থেকে ভোররাত পর্যন্ত বলেশ্বর নদীতে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। এ সময় সন্ন্যাসীর মোহনায় নদী থেকে বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ করা হয়। জেলেরা জাল ফেলে পালিয়ে যায়। উপজেলা নির্বাহী কর্মকর্তা সরদার মোস্তফা শাহিন জানান, ইলিশ রক্ষায় নদীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে।