জলঢাকায় ভুয়া ডিবি পুলিশ আটক

আপডেট : ১৪ অক্টোবর ২০২০, ২১:১৮

জলঢাকা (নীলফামারী) সংবাদদাতা

জলঢাকায় আব্দুল হাকিম নামের এক ভুয়া গোয়েন্দা (ডিবি) পুলিশকে আটক করেছে থানা পুলিশ। মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার কৈমারী বাজার থেকে তাকে আটক করা হয়। আটককৃত ব্যক্তি লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার রসুলগঞ্জ এলাকার ছলেমান আলীর ছেলে।

জলঢাকা থানা পুলিশ জানায়, কৈমারী বাজারের ব্যবসায়ী আল আমিনের দোকানে মালামাল কেনার জন্য তিন ব্যক্তি মোটরসাইকেলে আসেন। এর মধ্যে একজন নিজেকে ডিবি পুলিশ পরিচয় দিয়ে বিভিন্ন মালামাল চান এবং সেগুলোর মেয়াদ আছে কি না তা দেখার জন্য দোকানের ভেতরে প্রবেশ করেন। তিনি ক্যাশ বাক্স থেকে টাকা চুরি করলে দোকানের মালিক টের পেয়ে তাকে আটক করেন। এ সময় তার সঙ্গী দুই জন পালিয়ে যায়।  জলঢাকা থানার উপপরিদর্শক আব্দুর রশিদ জানান, এ ঘটনায় জড়িত আরো দুই জনের নাম জানা গেছে। তাদেরও চিহ্নিত করে গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে এবং আটককৃতকে বুধবার আদালতে পাঠানো হয়েছে।