ইত্তেফাক রিপোর্ট
ফরিদপুরের পান্না ব্যাটারি লিমিটেড নামে একটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ৬২ লাখ টাকা ভ্যাট ফাঁকির অভিযোগ উঠেছে। এই অভিযোগে গতকাল বুধবার প্রতিষ্ঠানটির বিরুদ্ধে মামলা করেছে ভ্যাট গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। মামলার নিষ্পত্তি করবে যশোর ভ্যাট কমিশনারেট।
ভ্যাট গোয়েন্দা অফিস সূত্র জানায়, গত ১২ আগস্ট আলোচ্য প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে তাদের বাণিজ্যিক দলিলপত্র ও ভ্যাট অফিসে জমা দেওয়া হিসাবপত্র জব্দ করেন। এরপর যাচাই করে দেখা দেখা যায়, ২০১৮ সালে প্রতিষ্ঠানটি ৩৯৮টি ভ্যাট চালান ইস্যু না করে পণ্য সরবরাহ করেছে। এসব তথ্য গোপন করেছিল পান্না ব্যাটারি কর্তৃপক্ষ। জানা গেছে, প্রতিষ্ঠানটি গোপনে কারখানা থেকে ২৭ লাখ ৭২ হাজার কোটি হার্ডলিড সরবরাহ করে।
তাদের মূল্য ঘোষণা অনুসারে প্রতি কেজি হার্ডলিডের দাম সাড়ে ১০ টাকা হিসাবে প্রায় ৪৪ লাখ টাকার ফাঁকি হয়েছে। এর সঙ্গে ২ শতাংশ সুদ যুক্ত হয়ে মোট ফাঁকির পরিমাণ দাঁড়ায় ৬২ লাখ টাকা।
