স্পোর্টস ডেস্ক
বলিভিয়ার উচ্চতা সমস্যা ছিল আর্জেন্টিনার। চোখ রাঙাচ্ছিল ১৫ বছর ধরে দেশটিতে জয় না পাওয়ার ইতিহাসও। এমনকি প্রতিপক্ষ কোচ হুমকিই দিয়ে বসেছিলেন আর্জেন্টিনার ‘কলিজা খেয়ে ফেলার।’ সব শঙ্কাকে জয় করে অবশেষে বলিভিয়া জয় করেছেন লিওনেল মেসিরা। বলিভিয়ার বিপক্ষে পিছিয়ে পড়েও ২-১ ব্যবধানে জয় তুলে নিয়েছে দলটি।
শুরুটা হয়েছিল শেষ তিন বিশ্বকাপ বাছাইপর্বে বলিভিয়ায় যেমন খেলেছে আর্জেন্টিনা, ঠিক তেমনই। ভুল পাস হচ্ছিল, উচ্চতার কারণে শুরু থেকেই কিছুটা হাঁপিয়ে হাঁপিয়ে উঠছিল কোচ লিওনেল স্ক্যালোনির শিষ্যরা। ২৪ মিনিটে গোলরক্ষক ফ্রাঙ্কো আরমানির অবস্থানের ভুলে গোল হজম করে বসে আলবিসেলেস্তেরা।
এর পরই যেন ম্যাচে ফেরে সফরকারীরা। ৪০ মিনিটে মেসির পাস থেকে লিয়ান্দ্রো পারেদেসের শট ফিরল গোলপোস্টে লেগে। এর ৫ মিনিট পরই লাউতারো মার্টিনেজের গোলে সমতায় ফেরে দলটি। গোলটি ছিল প্রায় চার বছর পর মেসি-ভিন্ন অন্য কোনো খেলোয়াড়ের পা থেকে বিশ্বকাপ বাছাই পর্বে আর্জেন্টিনার কোনো গোল।
৮২ মিনিটে আর্জেন্টিনার জয়সূচক গোলটিতেও ছিল মার্টিনেজের ছোঁয়া। মেসির বাড়ানো পাস বক্সের বাইরে ফাঁকায় পেয়েও সতীর্থ হোয়াকিন কোরেয়াকে বাড়ান ইন্টার মিলান স্ট্রাইকার। সেখান থেকে আগুনে এক শটে ১৫ বছর পর বলিভিয়ার মাঠে জয় নিশ্চিত হয় আর্জেন্টিনার।
২০০৫ সালের পর আবারও বলিভিয়া জয় করে উচ্ছ্বসিত আর্জেন্টিনা অধিনায়ক মেসি ইন্সটাগ্রামে লিখেন, ‘এমন উচ্চতায় এসে জয়। যেখানে আরো অনেক কিছুই খুঁইয়ে যেতে হয় সেখান! বাছাইপর্ব মোটে শুরু হলো, আরো অনেক কিছুই বাকি তবে আমরা টানা দুই জয় নিয়ে খুবই আনন্দিত।’
