আগামী বছর আসছে পাকিস্তান

আপডেট : ১৪ অক্টোবর ২০২০, ২১:২৪

স্পোর্টস রিপোর্টার

আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে পাকিস্তান সফর শুরু করেছিল বাংলাদেশ। কিন্তু সে সফর পুরোটা শেষ হওয়ার আগেই করোনার কারণে স্থগিত হয়ে যায় খেলা। সেই বাকি থাকা একটি টেস্ট কবে খেলা হবে নিশ্চিত না। তবে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) গতকাল তাদের আগামী দুই বছরের যে সূচি প্রকাশ করেছে, তাতে আগামী বছর নভেম্বরে তাদের বাংলাদেশ সফর আছে।

২০২১ সালের নভেম্বরে দুই টেস্ট ও তিন টি-টোয়েন্টি খেলতে বাংলাদেশে আসবে পাকিস্তান। এই সফরের ব্যাপারে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) বলেছে, এটা পূর্বনির্ধারিত সফর।

একই সঙ্গে পিসিবির একটি সূত্র জানিয়েছে, বাংলাদেশের স্থগিত হয়ে থাকা সফরের অংশটা ২০২২ সালের জুলাইয়ের আগে তারা আয়োজন করতে পারছে না। তারা আশা করছে, ২০২২ সালের জুলাইয়ের পর তিনটি ওয়ানডে ও একটি টেস্ট খেলতে বাংলাদেশ যাবে পাকিস্তানে। তবে বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন বলছেন, এটা আইসিসির ওপর নির্ভর করছে, ‘আসলে স্থগিত হয়ে যাওয়া সব টেস্টেরই ভাগ্য নির্ভর করছে আইসিসির ওপর। তারা যদি আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের সময় বাড়ায়, তাহলে একরকম আলোচনা হবে। আর সময় না বাড়ালে হয়তো অনেক খেলা হবেই না। সে ক্ষেত্রে পয়েন্ট বন্টন কী হবে, তাও আইসিসি ঠিক করবে।’