ভারতের হায়দরাবাদ শহরে প্রবল বৃষ্টির মধ্যে দেওয়াল ধসে দুই মাসের একটি শিশুসহ ৯ জন নিহত হয়েছে। মঙ্গলবার রাতে শহরটির বান্ধলাগুডা এলাকার মোহাম্মদীয়া হিলস এ ঘটনা ঘটে বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম।
এবিপি নিউজ জানিয়েছে, হায়দরাবাদের কয়েকটি অংশে দ্বিতীয় দিনের মতো ব্যাপক বৃষ্টিপাত অব্যাহত আছে, এতে শহরের বেশ কয়েকটি এলাকা পানিতে ডুবে গেছে, সড়ক ও বিমান যোগাযোগ বিঘ্নিত হচ্ছে এবং শহরের জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে।
ভারতীয় লোকসভার সদস্য আসাদুদ্দিন ওয়াইসি বুধবার এক টুইটে বলেছেন, ‘গত দুই দিন ধরে এখানে ব্যাপক বৃষ্টিপাত হচ্ছে। মোহাম্মদীয়া হিলসে একটি সীমানা দেওয়াল ধসে ৯ জনের মৃত্যু ও দুই জন আহত হয়েছেন।’ ধসে পড়া দেওয়ালটি ১০টি বাড়ির ওপর পড়লে মর্মান্তিক ঐ ঘটনাটি ঘটে। নিহতদের মৃতদেহগুলো ধ্বংসস্তূপের ভেতরে আটকা পড়েছিল।
সোমবার রাত থেকে তেলেঙ্গানা রাজ্যে বজ সহ ভারী বৃষ্টিপাত হচ্ছে। এতে রাজ্যের নিচু এলাকাগুলো প্লাবিত হয়েছে ও বৃষ্টির সঙ্গে সম্পর্কিত বিভিন্ন ঘটনায় মোট ১২ জনের মৃত্যু হয়েছে। প্রবল বৃষ্টিতে তেলেঙ্গানার অন্তত ১৪টি জেলা ক্ষতিগ্রস্ত হয়েছে। হায়দরাবাদের নগর কর্তৃপক্ষ বাসিন্দাদের বাসায় অবস্থান করার অনুরোধ জানিয়ে বাইরে বের না হওয়ার বিষয়ে সতর্ক করেছে।
বঙ্গোপসাগরে সৃষ্ট একটি গভীর নিম্নচাপের কারণে ভারতের অন্ধ্র প্রদেশ, তেলেঙ্গানা ও ওড়িশায় ভারী বৃষ্টিপাত হচ্ছে। অন্ধ্রের শতাধিক এলাকায় ১১ থেকে ২৪ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হয়েছে।
