জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলে জিতলো রাশিয়া ও চীন

আপডেট : ১৪ অক্টোবর ২০২০, ২১:২৭

জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলে জিতল রাশিয়া ও চীন। কিন্তু হেরে গেল সৌদি আরব। মানবাধিকার গোষ্ঠীগুলোর প্রবল বিরোধ সত্ত্বেও জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলের ভোটে জিতে সদস্যপদ পেল রাশিয়া, চীন ও কিউবা। সৌদি আরবের ক্ষেত্রেও মানবাধিকার সংগঠনগুলোর প্রবল আপত্তি ছিল। সৌদি শেষ পর্যন্ত জিততে পারেনি।

প্রতিযোগিতা ছিল পাঁচটি দেশের মধ্যে। পাকিস্তান, চীন, উজবেকিস্তান, নেপাল ও সৌদি আরব। ভোট হয়েছে গোপন ব্যালটে। মোট ভোট ছিল ১৯৩টি। পাকিস্তান পেয়েছে ১৬৯টি ভোট, উজবেকিস্তান ১৬৪টি, নেপাল ১৫০টি, চীন ১৩৯টি। সৌদি আরব পেয়েছে ৯০টি ভোট। ২০২১-এর ১ জানুয়ারি থেকে নতুন সদস্যদের কার্যকাল শুরু হবে।

সৌদি আরবকে নিয়ে মানবাধিকার সংগঠনগুলোর প্রবল আপত্তি ছিল। সাংবাদিক খাসোগির হত্যা থেকে শুরু করে সাম্প্রতিক সময়েও একাধিক ঘটনার উল্লেখ করে তাদের বক্তব্য ছিল, সৌদি আরবে মানবাধিকার, মেয়েদের অধিকার ও বিরোধের অধিকার রক্ষা করা হয় না।

গত সপ্তাহে ইউরোপ, আমেরিকা, কানাডার মানবাধিকার গোষ্ঠীগুলোর জোট জানিয়েছিল, পাকিস্তান, চীন, রাশিয়া, সৌদি আরব, কিউবার যে ট্র্যাক রেকর্ড, তাতে তারা জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলের সদস্য হতে পারে না। তাদের সদস্য করা মানে, অগ্নিসংযোগকারীদের আগুন নেভানোর দায়িত্ব দেওয়া।

সৌদি আরবের আগের বার ১৫২টি ভোট পেয়ে জিতেছিল। এ বার তাদের ভোট অনেকটাই কমেছে। চীন জিতলেও তাদের ভোট ২০ শতাংশ কমেছে। উইগুরমুসলিমদের প্রতি ব্যবহার ও হংকংয়ের বিক্ষোভ দমনের নীতি নেওয়ায় সম্প্রতি চীন প্রবল সমালোচনার মুখে পড়েছে।