পা ডুবে যায় কাদায়

আপডেট : ১৪ অক্টোবর ২০২০, ২১:৪৩

এই সময়ের ছড়া 

আনিসুল হক

 

দহন শুধু দহন জ্বালা জীবন পুড়ে কালো,

কুশল-খবর কী করে দেই—কেউ কি আছি ভালো?

 

সমস্ত দেশ ধুঁকছে দেখো ধান্দাবাজের ধাঁধায়,

কেমন পথে হাঁটছি সবাই পা ডুবে যায় কাদায়।

 

তিরিশ লাখের রক্তস্রোতে ভেসে ভেসে ভেসে

একদা তো পৌঁছেছিলাম প্রিয় আপন দেশে।

সে দেশ কোথায় হারিয়ে গেল বলুন কাদের দোষে,

কারুকার্য যা ছিল সব পড়ছে খসে খসে।

 

অধিকারের বলছ কথা? সে তো সংবিধানের পাতায়,

কাজির গরুর হিসেব যেমন শুধুই থাকে খাতায়।

 

ফলে ঘটে অনেক কিছু সে সব সবার জানা,

ইচ্ছে হলেই যখন তখন দানব যে দেয় হানা।

 

হাটে দানব কাঁপে মাটি উচ্চকণ্ঠ হাঁকের,

দশকে মেরে গোছায় তারা নিজের নিজের আখের

 

দম্ভ কত দাপট কত অশুভ উত্পাত,

নারী দেখলেই বাড়ায় তারা তাদের নোংরা হাত।

 

যাদের গর্ভে জন্ম তাদের—তাদের প্রতি কী,

কী জঘন্য কী আচরণ ছিঃ ছিঃ ছিঃ।

 

দেখে দেখে থেকে থেকে রাগ চড়ে যায় মাথায়,

ঝড়ো হাওয়ার ঘূর্ণি নাচন জাগে সবুজ পাতায়।

 

সব হূদয়ে আগুন জ্বলে সে কী যন্ত্রণা,

বোন হয়েছে ধর্ষিতা যে ধর্ষিতা আজ মা!