মা ইলিশ সংরক্ষণ অভিযানে কোস্ট গার্ড

আপডেট : ১৪ অক্টোবর ২০২০, ২১:৫০

ইত্তেফাক রিপোর্ট

মাঝ নদীতে কোস্ট গার্ডের দেওয়া লিফলেট হাতে পেয়ে জালাল বলেন, '২২ দিন আমরা ইলিশ ধরুম না। এই সময় মা ইলিশ ডিম পাড়ে।' মাছ ধরা বন্ থাকায় এই ২২ দিন কিভাবে সংসার চালাবেন-এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, 'এলাকায় ভিজিএফ কার্ডের মাধ্যমে আমাগো চাইল দিবো। এইডা দিয়া তো চলন যায় না। তারপরও চলতে হইবো। আবার মাছ ধরলে, সব ঠিক হইয়া যাইবো।' একই রকম মন্তব্য জামাল, ইয়াদ হোসেন, সলিমুল্লাহসহ আরো ১০/১২ জন জেলের।

‘মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২০’ সচেতনতার জন্য কোস্ট গার্ডের দায়িত্বাধীন এলাকায় জনসচেতনতা তৈরি করতে লিফলেট বিতরণ, পোস্টারিং, মাইকিংসহ নানাভাবে প্রচারণা চালানো হচ্ছে। এই অভিযানের প্রথম দিনে গতকাল কোস্ট গার্ড ঢাকা জোনের জোনাল কমান্ডার, ঢাকা বিভাগীয় মত্স্য কর্মকর্তা ও কোস্ট গার্ডের অন্য সদস্যদের সঙ্গে নিয়ে ঢাকার সোয়ারী ঘাট এলাকায় জেলে ও মত্স্য ব্যবসায়ীদের মধ্যে সচেতনতা বৃ"ির লক্ষ্যে লিফলেট বিতরণ ও টহল দেন ।

কোস্ট গার্ডে ঢাকা জোনের জোনাল কমান্ডার এ টি এম রেজাউল হাসান বলেন,  ১৪ অক্টোবর  থেকে ৪ নভেম্বর পর্যন্ত দেশের প্রজনন এলাকায় সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ করা হয়েছে। এ সময় আইনানুযায়ী সারা দেশে ইলিশ মাছের আহরণ, পরিবহন, মজুত, বাজারজাতকরণ এবং কেনাবেচা নিষিদ্ধ থাকবে। ঢাকা বিভাগীয় মত্স্য কর্মকর্তা সৈয়দ মো. আলমগীর বলেন, এই ২২ দিন জেলেদের সরকারের পক্ষ থেকে ২০ কেজি করে চাল দেওয়া হবে।

কোস্ট গার্ড জানায়, পাঁচটি ঘাঁটি, ২৩টি ছোট-বড় জাহাজ এবং ৫৮টি স্থায়ী ও চারটি অস্থায়ী কন্টিনজেন্টের সদস্যগণ শতাধিক কোস্ট গার্ড বোট ও সিভিল বোটের মাধ্যমে দেশের বিভিন্ন নদীতে সর্বদা টহলে নিয়োজিত থাকবেন।