ইত্তেফাক রিপোর্ট
তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান এমপি বলেছেন, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র প্রয়াত মোহাম্মদ নাসিম ছিলেন রাজনৈতিক অঙ্গনের উজ্জ্বল নক্ষত্র। তার দীপ্যমান আলোয় উদ্ভাসিত হয়েছে দেশ, সমাজ ও তরুণ প্রজন্ম। গতকাল বুধবার জাতীয় প্রেসক্লাবে বঙ্গবন্ধু একাডেমি আয়োজিত মোহাম্মদ নাসিম স্মরণসভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
ডা. মুরাদ হাসান বলেন, মোহাম্মদ নাসিম আজীবন দেশ ও মানুষের সেবায় নিজেকে উত্সর্গ করেছেন। জনদরদী এই মহান রাজনীতিবিদের দূরদর্শিতা, প্রজ্ঞা এবং সাংগঠনিক দক্ষতা তাকে রাজনীতিতে অনন্য আসন দিয়েছে। তার মৃত্যু দেশ, জাতি ও আওয়ামী লীগের জন্য এক অপূরণীয় ক্ষতি যা সহজে পূরণ হবার নয়। প্রতিমন্ত্রী বলেন, জনসেবা, দেশ ও মানুষের উন্নয়নে তার অবদান জাতি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। আয়োজক সংগঠনের উপদেষ্টা চিত্তরঞ্জন দাসের সভাপতিত্বে আরো বক্তৃতা করেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, কামাল আহমেদ চৌধুরী প্রমুখ।
