সাড়ে চার মাসে সর্বনিম্ন মৃত্যু

আপডেট : ১৪ অক্টোবর ২০২০, ২২:৫০

দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে এক দিনে আরো ১৬ জনের মৃত্যু হয়েছে, যা গত ১৩৯ দিনের মধ্যে সর্বনিম্ন। রোজার ঈদের পর গত ২৮ মে দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ১৫ জনের মৃত্যুর তথ্য জানিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর। গত ৯ অক্টোবর ১৭ জনের মৃত্যুর তথ্য দেওয়া হয়েছিল। গতকাল বুধবার প্রেস বিজ্ঞপ্তি পাঠিয়ে স্বাস্থ্য অধিদপ্তর জানায়, দেশে করোনা ভাইরাসে মোট মৃতের সংখ্যা ৫ হাজার ৫৯৩ জনে দাঁড়িয়েছে। আর সকাল ৮টা পর্যন্ত শনাক্ত ১ হাজার ৬৮৪ জনকে নিয়ে দেশে করোনা ভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা ৩ লাখ ৮২ হাজার ৯৫৯ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে বাসা ও হাসপাতালে চিকিত্সাধীন   আরো ১ হাজার ৫৭৬ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন এক দিনে। তাতে সুস্থ রোগীর মোট সংখ্যা বেড়ে ২ লাখ ৯৭ হাজার ৪৪৯ জন হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় সারা দেশে ১০৯টি ল্যাবে ১৪ হাজার ৪১১টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এ পর্যন্ত পরীক্ষা হয়েছে ২১ লাখ ১২ হাজার ৪৪৮টি নমুনা। ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ১১ দশমিক ৬৯ শতাংশ, এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৮ দশমিক ১৩ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৭৭ দশমিক ৬৭ শতাংশ এবং মৃত্যুর হার ১ দশমিক ৪৬ শতাংশ। গত এক দিনে যারা মারা গেছেন তাদের মধ্যে পুরুষ ১৩ জন, নারী ৩ জন। তাদের ১৫ জন হাসপাতালে ও ১ জন বাড়িতে মারা গেছেন।