কুমিল্লার চান্দিনায় এক মাদ্রাসাছাত্রীকে ধর্ষণ করেছে শিক্ষক। বগুড়ার শেরপুরে ধর্ষণের শিকার দ্বিতীয় শ্রেণির ছাত্রী, এছাড়া পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের চেষ্টায় দুই লম্পট গ্রেফতার। সাতক্ষীরার শ্যামনগরে বিয়ের প্রলোভনে স্কুলছাত্রীকে ধর্ষণের ঘটনায় ধর্ষক এবং জামালপুরের বকশীগঞ্জে এক শিশুকে ধর্ষণ চেষ্টায় দুই জনকে গ্রেফতার করা হয়েছে। বরিশালের কাজীরহাটে নববধূকে আটকে রেখে গণধর্ষণ ও চাঁদাবাজির অভিযোগে মামলা হয়েছে। রাজশাহীর পবায় এক কিশোরীর শ্লীলতাহানির অভিযোগ পাওয়া গেছে, অন্যদিকে তানোরে আড়াই মাসেও গ্রেফতার হয়নি ছাত্রী ধর্ষণ মামলার আসামি প্রভাষক। এছাড়া পটুয়াখালীর গলাচিপায় যুবলীগ নেতার বিরুদ্ধে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে মামলা হয়েছে। মৌলভীবাজারের কুলাউড়ায় তিন ধর্ষককে গ্রেফতার করা হয়েছে। এদিকে ধর্ষণের দায়ে টাঙ্গাইল ও দিনাজপুরে তিন জনের যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। এ বিষয়ে প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর।
চান্দিনা ও বুড়িচং (কুমিল্লা) : কুমিল্লার চান্দিনায় ১২ বছর বয়সি মাদ্রাসাছাত্রীকে ধর্ষণ করেছে ঐ মাদ্রাসার প্রধান শিক্ষক মাও. মো. ইউসুফ সোহাগ। শিশু ছাত্রীকে ধর্ষণের অভিযোগে বুধবার দুপুরে তাকে আটক করে পুলিশে দেয় স্থানীয়রা। মাও. মো. ইউসুফ দেবীদ্বার উপজেলার সুলতানপুর গ্রামের সহিদুল ইসলামের ছেলে এবং তিনি চান্দিনাস্থ কুমিল্লা পল্লী বিদ্যুত্ সমিতি-১ জামে মসজিদের ইমাম ও চান্দিনা পল্লী বিদ্যুত্ রোডে দারুল ইহসান তাহফিজুল কোরআন কওমি মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও মোহতামিম।
শেরপুর (বগুড়া) : উপজেলার চোমরপাথালিয়া গ্রামে চকোলেট খাওয়ানোর প্রলোভন দেখিয়ে দ্বিতীয় শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণ করা হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগী স্কুলছাত্রীর মা বাদী হয়ে মঙ্গলবার রাতে থানায় মামলা দায়ের করেন। ঐ রাতেই অভিযান চালিয়ে ধর্ষক মো. রজিব সেখকে (৩৬) গ্রেফতার করা হয়। এদিকে মঙ্গলবার রাতে উপজেলার সাহাপাড়া গ্রামে পঞ্চম শ্রেণির আরেক ছাত্রীকে ধর্ষণের চেষ্টা চালায় প্রতিবেশী বেল্লাল হোসেন (৩৫)। এ সময় ঐ ছাত্রীর চিত্কারে ঘরে লুঙ্গি ফেলেই পালিয়ে যায় লম্পট বেল্লাল। গতকাল ভুক্তভোগী ছাত্রীর বাবা বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ দিলে বেল্লাল হোসেনকে আটক করা হয়।
শ্যামনগর (সাতক্ষীরা) : শ্যামনগরে বিয়ের প্রলোভন দেখিয়ে দশম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণ করেছে মিজানুর রহমান (২৩) নামে এক যুবক। গত রবিবার রাতে উপজেলার ইসমাইলপুর গ্রামে মোল্যা টাইল্স নামীয় ব্যবসাপ্রতিষ্ঠানে ঘটনাটি ঘটে। মিজানুর বুড়িগোয়ালিনী ইউনিয়নের পূর্ব দুর্গাবাটি গ্রামের জামায়াতের আমির ও সাবেক ইউপি চেয়ারম্যান হাজি নজরুল ইসলামের ছেলে। এ ঘটনায় ধর্ষিতা শ্যামনগর থানায় তিন জনের বিরুদ্ধে মামলা করেছে। পুলিশ ধর্ষক মিজানুরকে গ্রেফতার করেছে।
বরিশাল : জেলার মেহেন্দিগঞ্জ উপজেলার কাজীরহাটে এক নববধূকে রাতভর আটকে রেখে গণধর্ষণ ও চাঁদাবাজির অভিযোগে মামলা হয়েছে। নির্যাতিত ঐ গৃহবধূ বাদী হয়ে মঙ্গলবার রাতে পাঁচ জনকে আসামি করে কাজীরহাট থানায় মামলাটি দায়ের করেন। থানার ওসি সাজ্জাদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে অভিযুক্তদের গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানান।
রাজশাহী : পবায় কিশোরীর শ্লীলতাহানির ঘটনায় মঙ্গলবার রাতে স্থানীয় যুবক শাহিনুরের (২৭) বিরুদ্ধে কাটাখালী থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। জানা যায়, জয়পুর এলাকায় শনিবার রাতে ঐ কিশোরীকে (১৪) বাড়িতে একা পেয়ে শ্লীলতাহানি করে শাহিনুর। এদিকে তানোরে আড়াই মাসেও গ্রেফতার হয়নি ছাত্রী ধর্ষণ মামলার আসামি মোহনপুর সরকারি কলেজের প্রভাষক মিজানুর রহমান মিজান। গত ২২ জুলাই ধর্ষণের শিকার ঐ ছাত্রী মিজানের বিরুদ্ধে তানোর থানায় মামলা দায়ের করেন।
বকশীগঞ্জ (জামালপুর) : বকশীগঞ্জে তিন বছরের এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে দুই জনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার উপজেলার বগারচর ইউনিয়নের ডাকপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। রাতে ডাকপাড়া এলাকার আবদুল আলীর বখাটে ছেলে রুহুল আমিন ও আশরাফ আলীর ছেলে সরোয়ার জাহানকে পুলিশ গ্রেফতার করে। এ ঘটনায় তিন জনের বিরুদ্ধে মামলা হয়েছে।
গলাচিপা (পটুয়াখালী) : গলাচিপায় প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে যুবলীগের এক নেতার বিরুদ্ধে মামলা হয়েছে। অভিযুক্ত নজরুল ইসলাম লোকমান উপজেলার ডাকুয়া ইউনিয়ন যুবলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক। মঙ্গলবার রাতে উপজেলার কাচারিকান্দা গ্রামে এ ঘটনা ঘটে।
কুলাউড়া (মৌলভীবাজার) : এক কিশোরীকে (১৭) গণধর্ষণের অভিযোগে পুলিশ তিন ধর্ষককে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলো উপজেলার গাজিপুর এলাকার আরজন আলী, কাশেম আলী ও পাপ্পু সূত্রধর। মঙ্গলবার রাতে উপজেলার মনছড়া এলাকায় গণধর্ষণের শিকার ঐ কিশোরী বুধবার থানায় মামলা দায়ের করলে তাদের গ্রেফতার করা হয়।
টাঙ্গাইল : টাঙ্গাইলে ধর্ষণের দায়ে দুটি মামলায় দুই আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। বুধবার টাঙ্গাইলের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক খালেদা ইয়াসমিন এ রায় দেন। দণ্ডপ্রাপ্তরা হচ্ছে নাগরপুর উপজেলার রাথুরা গ্রামের আজিম উদ্দিনের ছেলে মো. নাজমুল এবং মধুপুর উপজেলার আউশনারা গ্রামের মৃত নিয়ত আলীর ছেলে আব্বাস আলী। দুই জনই পলাতক রয়েছেন।
দিনাজপুর : বীরগঞ্জে পঞ্চম শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণের দায়ে রবি সরেন (৩০) নামে এক যুবকের যাবজ্জীবন কারাদণ্ড, ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো তিন মাসের কারাদণ্ডের আদেশ দিয়েছে আদালত। দিনাজপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক সিনিয়র জেলা জজ শরীফ উদ্দীন আহমদ গতকাল বুধবার এ রায় দেন।
আগৈলঝাড়ায় ধর্ষকের বাড়িতে বিয়ের দাবিতে অবস্থান
এদিকে আগৈলঝাড়া (বরিশাল) সংবাদদাতা জানান, উপজেলার বাকাল ইউনিয়নের পাকুরিতা গ্রামে বিয়ের দাবিতে ধর্ষকের বাড়িতে দুদিন ধরে অবস্থান করছেন এক কলেজছাত্রী। ঐ ছাত্রীর অবস্থানের পর থেকেই ধর্ষক পলাতক রয়েছে। তবে বিয়ে না হলে আত্মহত্যার হুমকি দিয়েছে ধর্ষিত ছাত্রী।
হাজীগঞ্জ (চাঁদপুর) : হাজীগঞ্জে পাঁচ বছর বয়সি কন্যাশিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। অভিযুক্ত রিকশাচালক কামরুল এ ঘটনার পর থেকে পলাতক রয়েছে। সে উপজেলার ১১ নম্বর হাটিলা ইউনিয়ন ধড্ডা আমিন নন্দন বাড়ির মৃত শহীদের ছেলে।
এদিকে উপজেলার কালোচো নেছারাবাদ সালেহিয়া ফাজিল মাদ্রাসার শ্রেণি কক্ষে এক শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে মাদ্রাসাশিক্ষক হাফেজ শাহজালালের বিরুদ্ধে মামলা হয়েছে। নির্যাতিতা তৃতীয় শ্রেণির ঐ শিক্ষার্থীর মা হাজীগঞ্জ থানায় এ মামলা দায়ের করেন।
