দৈনিকভিত্তিক শ্রমিকদের মজুরি বাড়ল ১০০ টাকা

আপডেট : ১৪ অক্টোবর ২০২০, ২২:৫২

ইত্তেফাক রিপোর্ট

সরকারের বিভিন্ন প্রতিষ্ঠানে দৈনিক ভিত্তিতে কাজ করা শ্রমিকদের মজুরি হার পুনর্নিধারণ করা হয়েছে। এ সংক্রান্ত এক অফিস আদেশ জারি করেছে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ। এর ফলে দৈনিক ভিত্তিকে শ্রমিকদের মজুরি বাড়বে ১০০ টাকা। নতুন আদেশ অনুযায়ী, ঢাকা ও চট্টগ্রাম সিটি করপোরেশন এলাকায় নিয়মিত দক্ষ শ্রমিকদের দৈনিক মজুরি ধরা হয়েছ ৬০০ টাকা যা আগে ছিল ৫০০ টাকা। অনিয়মিত অদক্ষ শ্রমিকদের মজুরি নির্ধারণ করা হয়েছে ৫৭৫ টাকা, আগে যা ছিল ৪৭৫ টাকা।

এছাড়া বিভাগীয় শহর এবং অন্যান্য সিটি করপোরেশন এলাকায় নিয়মিত দক্ষ শ্রমিকদের দৈনিক মজুরি নির্ধারণ করা হয়েছে ৬০০ টাকা, আগে যা ছিল ৫০০ টাকা। অনিয়মিত অদক্ষ শ্রমিকদের মজুরি নির্ধারণ করা হয়েছে ৫৫০ টাকা, আগে যা ছিল ৪৫০ টাকা। জেলা ও উপজেলা এলাকায় নিয়মিত দক্ষ শ্রমিকদের দৈনিক মজুরি ধরা হয়েছ ৫৫০ টাকা, আগে যা ছিল ৪৫০ টাকা। অনিয়মিত অদক্ষ শ্রমিকদের মজুরি নির্ধারণ করা হয়েছে ৫০০ টাকা, আগে যা ছিল ৪০০ টাকা। এক্ষেত্রে বেশকিছু শর্তও জুড়ে দিয়েছে অর্থ বিভাগ। ১২ অক্টোবর জারি করা আদেশে বলা হয়েছে, শ্রমিকের সংখ্যা যথাযথ কর্তৃপক্ষ থেকে অনুমোদিত হতে হবে। সংশ্লিষ্ট মন্ত্রণালয়/ বিভাগ/ অধিদপ্তর/ পরিদপ্তর/ দপ্তর/সংস্থার নিজস্ব বাজেট বরাদ্দ থেকে এ ব্যয় নির্বাহ করতে হবে। এ খাতে অতিরিক্ত বরাদ্দ দাবি করা যাবে না। উল্লিখিত দৈনিক মজুরির হারে মাসিক ভিত্তিক শ্রমিক নিয়োগ করা যাবে না। ইতিপূর্বে যেসব দপ্তরে দৈনিকভিত্তিক শ্রমিক মজুরির হার নির্ধারণ করা হয়েছিল এ পুনর্নিধারিত হার সেসব দপ্তরের জন্যও প্রযোজ্য। এ বিষয়ে কোনো অনিয়ম পরিলক্ষিত হলে বিল পরিশোধকারী কর্তৃপক্ষ দায়ী থাকবে। নতুন মজুরি আদেশ জারির দিন থেকেই কার্যকর হবে।