পাঁচ বছরের শিশুসহ সড়কে নিহত চার

আপডেট : ১৪ অক্টোবর ২০২০, ২২:৫৩

ইত্তেফাক ডেস্ক

পাঁচ বছরের শিশুসহ সড়ক দুর্ঘটনায় চার জন নিহত হয়েছেন। গতকাল বুধবার এসব দুর্ঘটনা ঘটে। প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর—

মানিকগঞ্জ : মানিকগঞ্জে পাটুরিয়া ঘাট এলাকায় রাস্তা পারাপারের সময় জিপের চাপায় সেলিম (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল বুধবার পাটুরিয়া ৫ নম্বর ফেরিঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সেলিম আরোয়া ইউনিয়নের তেঘুরি গ্রামের লাভলু মিয়ার ছেলে।

কালীগঞ্জ (ঝিনাইদহ) : কালীগঞ্জে ইজিবাইককে সাইড দিতে গিয়ে রাস্তার পাশে একটি গাছের সঙ্গে ধাক্কা লেগে মোটরসাইকেল আরোহী তানজিম রহমান সিজান (২১) নামে এক তরুণ নিহত হয়েছেন। সিজান কালীগঞ্জ শহরের আড়পাড়ার মৃত ওলিয়ার রহমানের ছেলে। গতকাল কালীগঞ্জ পৌরসভার সামনে এ দুর্ঘটনা ঘটে।

ফুলবাড়ী (দিনাজপুর) : ফুলবাড়ী-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের নবাবগঞ্জ উপজেলার চড়ারহাট নামক স্থানে গতকাল পিকআপ ভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী সুজিত কর্মকার (৩৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। সুজিত নবাবগঞ্জ উপজেলার ভাদুরিয়া ইউনিয়নে শিমর গ্রামের সুরেশ কর্মকারের ছেলে।

চকরিয়া (কক্সবাজার) : চকরিয়ার দ্রুতগামী ডাম্পার ও চকরিয়া সার্ভিসের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত হয়েছেন। নিহত ডাম্পার ট্রাকচালক মোহাম্মদ বাবু খুটাখালী ইউনিয়নের উত্তর ফুলছড়ি গ্রামের আবু বক্করের ছেলে। এ সময় চকরিয়া সার্ভিসের ১৩ জন যাত্রী কমবেশি আহত হয়েছেন। গতকাল কক্সবাজার চট্টগ্রাম মহাসড়কের চকরিয়া উপজেলার খুটাখালী মইক্ক্যাঘোনা এলাকায় এ ঘটনা দুর্ঘটনা।