ইত্তেফাক ডেস্ক
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও বলেছেন, তার প্রতিদ্বন্দ্বী ডেমোক্রেটিক পার্টির প্রার্থী জো বাইডেন জিতলে জয় হবে চীনের। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে সুস্থ হওয়ায় নিজেকে এখন ‘সুপারম্যান’ মনে হচ্ছে বলেও পেনসিলভানিয়ার সমাবেশে মন্তব্য করেন প্রেসিডেন্ট ট্রাম্প। এদিকে বাইডেন বলেছেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রবীণদেরকে খরচের একটা খাত মনে করেন। খবর সিএনএন, রয়টার্স ও দ্য ফিলাডেলফিয়া ইনকুয়েরারের
করোনামুক্ত হয়ে স্থানীয় সময় মঙ্গলবার রাতে পেনসিলভানিয়ায় দ্বিতীয় দিনের মতো নির্বাচনি প্রচারণায় নামেন প্রেসিডেন্ট ট্রাম্প। সমর্থকদের উদ্দেশে তিনি বলেন, আমি আপনাদের কষ্টটা বুঝি, কারণ আমি আপনাদের কষ্টটা অনুভব করি। ট্রাম্প বলেন, আসন্ন নির্বাচনে প্রার্থী পছন্দ করার বিষয়টি খুবই সহজ। মাস্ক ছাড়াই এয়ারফোর্স ওয়ান থেকে বের হয়ে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, বাইডেনের জয় মানে চীনের বিজয়। কেবল চীন নয়, এরকম অনেক দেশই খুশি হবে বাইডেন জিতলে। কিন্তু আমরা জিতলে আপনি জিতবেন, পেনসিলভানিয়া জিতবে, আমেরিকা জিতবে।
প্রবীণরা ট্রাম্পের কাছে মূল্যহীন :বাইডেন
বাইডেন বলেছেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রবীণদেরকে খরচের একটা খাত মনে করেন। তিনি করোনা ভাইরাস মোকাবিলায় প্রেসিডেন্ট ট্রাম্পের কঠোর সমালোচনা করেন। ফ্লোরিডায় নির্বাচনি সমাবেশে তিনি বলেন, করোনার সময় প্রবীণরা ঝুঁকিপূর্ণ অবস্থায় আছেন। কিন্তু প্রেসিডেন্ট ট্রাম্প তাদেরকে ব্যয়বহুল মানুষ বলে মনে করেন। ব্যাটলগ্রাউন্ড রাজ্য হিসাবে পরিচিত ফ্লোরিডা। ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্প এখানে সামান্য ব্যবধানে জয়ী হয়েছিলেন। এবার দুই প্রার্থীর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে বলে ধারণা করা হচ্ছে। এদিকে আগামী ৩ নভেম্বর ভোট অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও এরই মধ্যে ১ কোটির বেশি মানুষ ভোট দিয়েছেন। লাইনে দাঁড়িয়ে অনেককে ভোট দিতে দেখা গেছে। এমনকি কেউ কেউ ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেছেন ভোট দেওয়ার জন্য যা রেকর্ড। কারণ যুক্তরাষ্ট্রে সাধারণত ভোটের হার কম। তবে এবার রেকর্ড পরিমাণ ভোট পড়তে পারে বলে আশা করছেন দেশটির নির্বাচন বিশেষজ্ঞরা।
